রাশিয়ামুখী মিশরীয় বিমান চলাচল বন্ধ করল মস্কো
মিশরের সিনাইয়ে রুশ যাত্রীবাহী বিমান বিধ্বস্তের জেরে রাশিয়ামুখী মিশরীয় জাতীয় বিমান সংস্থার ফ্লাইট পরিচালনা বাতিল করেছে রাশিয়ার রাষ্ট্রীয় বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ।
শুক্রবার মস্কো বিমানবন্দরের একজন মুখপাত্রের বরাতে খবরটি জানিয়েছে বিবিসি।
এর আগে বিমান বিধ্বস্তের ঘটনার এক সপ্তাহের মধ্যেই মিশরমুখী রুশ বিমান ফ্লাইটের পরিচালনা বন্ধ করা হয়েছিল।
মিশরে রুশ বিমানগুলোর ফ্লাইট পরিচালনা বন্ধ হওয়ার পর থেকে শুধুমাত্র মিশরীয় ইজিপ্ট এয়ারই দুদেশের মধ্যে ফ্লাইট পরিচালনা করে আসছিল। কিন্তু এবার ‘নিরাপত্তার প্রয়োজনীয়তার’ কথা বলে তাও বন্ধ করে দেওয়া হল।
শনিবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
ইসলামিক স্টেটের (আইএস) সিনাই প্রদেশ শাখা বারবার রুশ বিমানটি বিধ্বস্ত করার দাবি জানিয়ে আসছে। সিনাইয়ের লোহিত সাগর তীরবর্তী অবকাশ কেন্দ্র শার্ম আল-শেখ থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে যাওয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানটির ২২৪ আরোহীর সবাই নিহত হন। নিহতদের অধিকাংশই রুশ নাগরিক।
পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন, বিমানটির ভিতরে পেতে রাখা একটি বোমার বিস্ফোরণে বিমানটি বিধ্বস্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। কিন্তু রুশ ও মিশরীয় বিশেষজ্ঞরা এ ধরনের সিদ্ধান্ত টানার সময় এখনও হয়নি বলে মনে করছেন।
সিনাইয়ের রুশ বিমান বিধ্বস্ত হওয়ার পর যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ গোয়েন্দা তথ্যে সৃষ্ট উদ্বেগে শার্ম আল-শেখ মুখী বিমান চলাচল বন্ধ রেখেছে।
রাশিয়ার এ সিদ্ধান্ত মিশরীয় পর্যটন শিল্পের জন্য আরেকটি আঘাত। ২০১৪ সালে মিশরীয় অবকাশ কেন্দ্রগুলোতে প্রায় ৩০ লাখ রুশ পর্যটক ছিল।
