ইরাকের সিনজারে আইএস পরাজিত, দাবি কুর্দিদের
ইরাকের উত্তরাঞ্চলীয় সিনজার শহরে আইএস এর বিরুদ্ধে লড়াইয়ে কৌশলগত কয়েকটি স্থাপনা দখলে নেওয়ার দাবি করেছে কুর্দি বাহিনী।
কুর্দিস্তান আঞ্চলিক নিরাপত্তা পরিষদ এক ট্যুইটে বলেছে, “আইএস পরাজিত হয়েছে এবং পালিয়েছে। পেশমেরগা বাহিনী সিনজারের সিমেন্ট কারখানা, হাসপাতাল এবং অন্যান্য সরকারি ভবনসহ বেশ কিছু স্থাপনা দখল করেছে।”
যুক্তরাষ্ট্রের বিমান হামলা এবয় ইয়াজিদি স্প্রদায়ের স্বেচ্ছাসেবকদের সহায়তায় শুক্রবার কুর্দি বাহিনী সিনজারে প্রবেশ করে এবং শহরটিকে পূর্ব ও পশ্চিম দিক থেকে বিচ্ছিন্ন করে ফেলে।
কুর্দিস্তান কাউন্সিল জানিয়েছে, পেশমেরগা বাহিনী সব দিক থেকেই সিনজারে প্রবেশ করেছে। আরও শত শত পেশমেরগা যোদ্ধাকে কোনো প্রতিরোধ ছাড়াই শহরটিতে ঢুকতে দেখার কথা জানিয়েছেন সংবাদদাতারা।
আইএস জঙ্গিরা এ অভিযানের আগেই শহর ছেড়ে চলে গেছে কিনা তা স্পষ্ট নয়। তবে কুর্দি কমান্ডাররা বলছেন, কিছু জঙ্গি শহরটিতে ঘাপটি মেরে আছে এবং পেশমেরগা বাহিনী সামনে অগ্রসর হতে থাকলে তারা হামলা করবে।
