অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপে বন্দি শরণার্থীদের ‘বিদ্রোহ’
এক ইরানি শরণার্থীর মৃত্যুকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপে অশান্ত পরিস্থিতি বিরাজ করছে।
সোমবার বিবিসি জানিয়েছে, দ্বীপটিতে বন্দি শরণার্থীরা বন্দিশিবিরগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে। দ্বীপটিতে ‘বড় ধরনের অশান্ত পরিস্থিতি বিরাজ করছে’ বলে স্বীকার করেছে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ।
‘নিরাপত্তাজনিত কারণে’ সেখান থেকে রক্ষীদের সরিয়ে নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে অস্ট্রেলীয় অভিবাসন বিভাগ।
আগুনে বন্দিশিবিরের চিকিৎসা, শিক্ষা ও খেলাধূলার স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
তবে সেখানে ‘বড় ধরনের দাঙ্গা’ চলার কথা অস্বীকার করে বন্দিশিবিরে ‘উত্তেজনা’ বিরাজ করছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।
শনিবার বন্দিশিবির থেকে ফজল চেগেনি নামের এক ইরানি কুর্দি শরণার্থী পালিয়ে যায়। রোববার সমুদ্র তীরে একটি খাদে ফজলের লাশ পাওয়া যায়। ফজলের সন্দেহজনক মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখার কথা জানানো হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে ইরানি বন্দিরা বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।
বিবৃতিতে বলা হয়, “শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি থাকলেও অন্যান্য বন্দিরা পরিস্থিতির সুযোগ নিয়ে সম্পদ ভাংচুর করে অশান্ত পরিস্থিতি সৃষ্টি করে।”
বন্দিশিবিরের ভিতরে অনেকগুলো জায়গায় ছোট ছোট আগুন লাগানোর ঘটনা ঘটে বলে এতে বলা হয়।
“ভিসা বাতিল করা হয়েছে এমন একদল বন্দি সহিংসতা অব্যাহত রেখে কেন্দ্রটির ক্ষতিসাধন করে। তবে এ সময় কেন্দ্রের কর্মী বা কোনো বন্দি আহত হয়েছে বলে খবর পাওয়া যায়নি।”
দ্বীপটির ২৫ বছর বয়সী বন্দি মাতেজ কুপারকা জানিয়েছেন, তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বোধ করছেন।
“তারা সবখানে আগুন ধরিয়ে দিয়েছে, তারা ক্যান্টিন ভাংচুর করেছে, অন্যান্য সম্পদও ভাংচুর করেছে,” বলেন তিনি।
“নিরাপত্তা কর্মকর্তায় ঠাসা গাড়িগুলো বন্দিশিবিরের চারপাশ দিয়ে চক্কর দিচ্ছে, তারা জানালা দিয়ে ভিতরে তাকালেও আমাদের কেউ সহায়তা করছে না,” বলেন কুপারকা।
অস্ট্রেলিয়ার গ্রিন পার্টির সিনেটর সারাহ হ্যানসন-ইয়ং বলেছেন, “বন্দিশিবিরের ভিতরের লোকজনের সঙ্গে আমি কথা বলেছি। তারা জানিয়েছে, বন্দিশিবিরজুড়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং সব জায়গায় আগুন জ্বলছে।গত রাতে সেখান থেকে সব রক্ষীদের সরিয়ে নেওয়া হয়েছে, সেখানকার বন্দিরা নিজেদের রক্ষার চেষ্টা করছেন।”
তিনি আরো বলেন, “ক্রিসমাস দ্বীপের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সম্পর্কে সরকারকে বারবার সতকর্ করা হলেও, দুঃখজনকভাবে এসব সতর্কবাণী অগ্রাহ্য করা হয়েছে।”
অস্ট্রেলিয়ার সতর্কতা অগ্রাহ্য করে যেসব শরণার্থী সাগরপথে অবৈধভাবে দেশটিতে গিয়ে উপস্থিত হয়েছেন তাদের পার্থ থেকে দুই হাজার ৬৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমের ক্রিসমাস দ্বীপের বন্দিশিবিরে পাঠিয়ে দেওয়া হয়েছে।
