২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে সাংবাদিক নিহত

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে একজন জ্যেষ্ঠ সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Nov 2015, 01:53 PM

Updated : 25 Apr 2022, 02:05 PM

ঘটনার কয়েক ঘণ্টা পর ৩৮ বছর বয়সী সাংবাদিক জামান মেহসুদকে হত্যার দায় স্বীকার করেছে তালেবান।

মঙ্গলবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের টাঙ্ক জেলায় নিজ বাসভবন থেকে মোটরসাইকেল যোগে বের হওয়ার পর হামলার শিকার হন জামান মেহসুদ।

দুই হামলাকারী মোটরসাইকেলে করে এসে তার ওপর গুলি ছোঁড়ে। এতে মারাত্মক আহত হন তিনি। স্থানীয় লোকজন হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়।

তিনি উর্দু দৈনিক উম্মত ও বার্তা সংস্থা এসএএনএ-এর প্রতিনিধি ছিলেন। 

তালেবান কমান্ডার ক্বারি সাইফ উল্লা সাইফ বলেন, “আমাদের বিরুদ্ধে লেখার জন্য আমরা তাকে হত্যা করেছি। এই এলাকার আরো কিছু সাংবাদিক আমাদের হিটলিস্টে আছেন। শিগগিরই তাদের টার্গেট করা হবে।”

লাশ গ্রহণের সময় নিহত মেহসুদের ক্রন্দনরত ভাই আসলাম জানান, তার ভাই স্ত্রী ও পাঁচ সন্তান রেখে গেছেন।

গণমাধ্যমের স্বাধীনতা ও আন্তর্জাতিক দায়মুক্তি অবসান দিবসের একদিন পরই এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটলো।

দক্ষিণ ওয়াজিরিস্তানের বাসিন্দা মেহসুদ পাকিস্তানের ট্রাইবাল ইউনিয়ন অব জার্নালিস্ট এর সভাপতি ও সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বপালন করেছেন। তিনি পাকিস্তানের স্বাধীন মানবাধিকার কমিশনের সদস্যও ছিলেন।

তার হত্যাকাণ্ডের নিন্দা করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।