২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাহ্যিক প্রভাবে বিমানটি বিধ্বস্ত হয়েছে: কোগালিমাভিয়া

মিশরের সিনাই উপদ্বীপে রুশ বিমানটি ‘বাহ্যিক প্রভাবে’ বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে বিমানটির পরিচালনাকারী রুশ এয়ারলাইন কোগলিমাভিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 11:26 AM

Updated : 25 Apr 2022, 02:05 PM

শনিবার ভোরের ওই দুর্ঘটনায় বিমানটির ২২৪ জন আরোহীর সবাই নিহত হন।

কোগলিমাভিয়ার এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “একমাত্র যৌক্তিক ব্যাখ্যা হচ্ছে, বাইরের প্রভাবে এটি হয়েছে।”

মস্কোতে এক সংবাদ সম্মেলনে কোগলিমাভিয়ার (নাম পাল্টিয়ে মেট্রোজেট নামকরণ করা হয়েছে) সহকারী পরিচালক আলেকজান্দার স্মিরনভ বিমানের কোনো কারিগরি ত্রুটি ও পাইলটের ভুল হওয়ার কথা বাতিল করে দেন। 

তিনি বলেন, “নির্দিষ্ট কিছুর আঘাতেই একমাত্র মধ্যাকাশে বিমানটি ধ্বংস হতে পারে, যা বিমনাটিতে পুরোপুরি যান্ত্রিক, কাঠামোগত প্রভাব ফেলেছিল। 

“(বিমানের) যান্ত্রিক পদ্ধতিগুলোতে এমন কোনো ত্রুটির সুযোগ নেই যা মাঝ আকাশে বিমানটিকে খণ্ড-বিখণ্ড করে দিতে পারে।”

অপরদিকে বিধ্বস্ত বিমানটির ‘ব্ল্যাক বক্স’ এর তথ্য পরীক্ষা করে চালানো বিমান পরিবহন বিশেষজ্ঞদের তদন্তের ফলাফল এখনো প্রকাশ করা হয়নি।   

রাশিয়ার কেন্দ্রীয় বিমান পরিবহন সংস্থার প্রধান আলেকজান্দর নেরাদকোও মনে করে বিমান বিধ্বস্তের কারণ সম্পর্কে কিছু বলার মতো সময় এখনও হয়নি।

রাশিয়ার একটি টেলিভিশনে তিনি বলেন, “এই ধরনের কথাবার্তা কোনো সঠিক ঘটনার উপর ভিত্তি করে বলা না।”

বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল-সিসিও একই ধরনের মনোভাব পোষণ করে এখনই কিছু বলার সময় হয়নি বলে মন্তব্য করেছেন।

তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) মিত্র সিনাইয়ের জিহাদিদের বিমান বিধ্বস্ত করার দাবিকে তিনি ‘প্রপাগান্ডা’ বলে উড়িয়ে দিয়েছেন।

তিনি বলেন, “মিশরের স্থিতিশীলতা, নিরাপত্তা ও ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্থ করার এটিও আরেক পথ।”

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জেমস ক্ল্যাপার বলেছেন, “সন্ত্রাসীদের জড়িত থাকার সরাসরি কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। এটি বিশ্বাসযোগ্য না, তবে আমি এর সম্ভবনা বাতিল করছি না।”