২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রুশ বিমানটিতে বাইরে থেকে আঘাত লাগেনি’

মিশরে বিধ্বস্ত রাশিয়ার বিমানটিতে বাইরে থেকে কোনো কিছুর আঘাত লাগেনি এবং দুর্ঘটনার মুহূর্তে পাইলটও কোনো বিপদসঙ্কেত পাঠায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 10:08 PM

Updated : 25 Apr 2022, 02:04 PM

বিমানের ব্লাকবক্স দু’টির তথ্য অনুসন্ধান করে এ তথ্য পাওয়া গেছে।

তদন্ত কমিটির এক সূত্র সোমবার ব্ল্যাকবক্সের  প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে রয়টার্সকে এ তথ্য জানান।  এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন ওই সূত্র।

মিশরের সঙ্গে যৌথভাবে তদন্ত কাজে নিয়োজিত রাশিয়া এবং ফ্রান্সের বিশেষজ্ঞরা এখনও ব্ল্যাকবক্স পরীক্ষা শেষ করেননি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন সংস্থার এক সূত্র।

বিমানটি ঠিক কি কারণে মাঝ আকাশে ভেঙে পড়ে তা এখনই  বলা যাচ্ছে না বলে জানিয়েছেন রাশিয়ার কর্মকর্তারা।

শনিবার রাশিয়ার এয়ারলাইন্স কোগলিমভিয়ার (মেট্রোজেটের অংশ) এ-৩২১ মডেলের একটি বিমান মিশরের সিনাইয়ে বিধ্বস্ত হয়ে ২২৪ আরোহীর সবাই নিহত হয়।

এরপরপরই ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট একটি মিশরীয় জঙ্গি গ্রুপ  বিমানটিকে ভূপাতিত করার দাবি করে। সিরিয়ায় রাশিয়ার বিমান হামলার জবাবে বিমান ভূপাতিত করার দাবি করে জঙ্গিরা। তবে রাশিয়ার পরিবহন মন্ত্রী এ দাবি সঠিক নয় বলে নাকচ করে দেন। জঙ্গিদের দাবি নাকচ করে মিশরও।

কোগলিমভিয়ার উপ পরিচালক আলেক্সান্ডার স্মিরনভ বলেন, কারিগরি ত্রুটির কারণেই কেবল বিমানটি মাঝ আকাশে ভেঙে পড়তে পারে। কিন্তু বিমানটি উড্ডয়নের জন্য চমৎকার অবস্থায়ই ছিল। ফলে এতে কোনো কারিগরি ত্রুটি হতে পারে না এবং ত্রু’রা ভুল করতে পারে না বলেও এক সংবাদ সম্মেলনে জানান তিনি।

কিন্ত উড়ার আগে বিমানটি এবং এর ক্রুদেরকে প্রয়োজনীয় নিরাপত্তা ও ডাক্তারি পরীক্ষা দিতে হয়েছে- এমন তথ্যপ্রমাণ পাওয়ার মাঝে স্মিরনভ ওই কথা বললেন।

কোগলিমভিয়ার অন্য এক কর্মকর্তা জানান, ২০০১ সালে টেক-অফ কারার সময় ছোট একটি দুর্ঘটনায় বিমানটির লেজের দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

তবে সেই ক্ষতি সারানো হয়েছে এবং বিমানটি বিধ্বস্ত হওয়ার পেছনে এর কোনো ভূমিকা নেই বলেই তার বিশ্বাস বলে জানান ওই কর্মকর্তা।

ওদিকে, ক্রেমলিনের মুখপাত্র বিমান বিধ্বস্ত হওয়ার কারণ নিয়ে যে কোনো ধরনের গুজবে কান না দেয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছেন।

বিবিসিকে তিনি বলেন, "কোনো আশঙ্কাকেই আমরা উড়িয়ে দিতে পারি না। তদন্ত মাত্র শুরু হয়েছে। এখনও আমরা বুঝতে পারছি না ঠিক কোন পথে তদন্তে অগ্রসর হওয়া উচিত।"

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে 'বড় ধরনের শোকাবহ ঘটনা' বলে বর্ণনা করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।