২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

বিভিন্ন রাষ্ট্রের মারাত্মক সাইবার হামলার ঝুঁকি  বাড়ছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) উপ পরিচালক রিচার্ড লেজেট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 10:42 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

বিবিসি’কে তিনি বলেন, ইন্টারনেটে যুক্ত থাকলেই নানা জাতি-রাষ্ট্রের নাছোড়বান্দা সাইবার হামলাকারীদের হাতের নাগালে চলে আসার বিপদ আছে।

তিনি পরামর্শ দিয়ে বলেন, দেশগুলোর উচিত সীমারেখা (রেড লাইন) চিহ্নিত করে তা অতিক্রম  না করা।

সাইবার হামলাগুলো দিন দিনই খুব মারাত্মক হয়ে উঠছে উল্লেখ করে লেজেট এর উদাহরণস্বরূপ গত বছর সনি পিকচার্সে এবং ২০১২ সালে সৌদি আরামকোতে সাইবার হামলার বিষয়টি তুলে ধরে বলেন, "অনুপ্রবেশের বাধাগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে... একইসঙ্গে বিশ্বের সব মানুষ আরও বেশি করে কম্পিউটার ও তথ্য ব্যবস্থায় অভ্যস্ত হয়ে পড়ার কারণে অরক্ষিতও হয়ে পড়ছে বেশি।"

তিনি মনে করেন, সাইবার হামলা থেকে বাঁচতে সুরক্ষা ব্যবস্থার উন্নতি ঘটানো এবং সবচেয়ে সংবেদনশীল তথ্য কোনগুলো  তা সনাক্ত করা জরুরি।

একইসঙ্গে রেড লাইন অতিক্রম করলে এর পরিণতিতে কোনো দেশকে কূটনৈতিক বা অর্থনৈতিক ভাবে শাস্তি দেয়া যেতে পারে বলে মনে করেন তিনি। সেটি হতে পারে, কোনো নিষেধাজ্ঞা আরোপ করা বা আরোপের হুমকি দেয়া।

যুক্তরাষ্ট্রের সামরিক সাইবার-কমান্ড অন্যান্যদের নেটওয়ার্কে আক্রমণাত্মক সাইবার অভিযান চালাতে প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন লেজেট।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্পোরেশনে অন্য দেশের সাইবার হামলাকারীদের হামলার কি জবাব দেয়া হবে তাও যুক্তরাষ্ট্র ভেবে দেখবে।

যদিও ওয়াশিংটনের বিরুদ্ধেও অন্য দেশে এ ধরনের মারাত্মক সাইবার হামলা চালানোর অভিযোগ রয়েছে। ইরানের পরমাণু প্রকল্পের ক্ষতি সাধনের জন্য এ ধরনের হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোতে সাইবার হামলার অভিযোগে ওয়াশিংটন প্রকাশ্যে চীনের সমালোচনা করেছে। এ সংক্রান্ত কর্মকাণ্ড বন্ধে সম্প্রতি দুই দেশ একটি চুক্তিতে উপনীত হয়েছে।