২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে মাদক পাচারের অভিযোগে সৌদি প্রিন্স গ্রেপ্তার 

লেবাননের বৈরুত বিমানবন্দরে মাদক পাচারের অভিযোগে চার সঙ্গী-সহ গ্রেপ্তার করা হয়েছে এক সৌদি প্রিন্সকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2015, 07:04 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

দু’টন ক্যাপটাগন পিল ও কোকেন পাচার করার সময় সৌদি আরবের প্রিন্স আবদেল মহসিন বিন ওয়ালিদ বিন আবদুল আজিজকে ধরে ফেলেন বিমানবন্দরের নিরাপত্তা রক্ষীরা। আটক অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

লেবাননের নিরাপত্তা সূত্র এবং জাতীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে রয়টার্স জানায়, বিমানটি সৌদি আরবের উত্তরাঞ্চলের শহর হায়েল যাওয়ার কথা ছিল।

বিমানটিতে ৪০ ব্যাগ ভর্তি ক্যাপটাগন অ্যামফেটামিন পিল পাওয়া গেছে। প্রাইভেট বিমানে করে ড্রাগের এ বাক্সগুলো সৌদি আরবে নিয়ে যাওয়া হচ্ছিল।

বৈরুত বিমানবন্দরে এর আগে মাদকের এতবড় চালান ধরা পড়েনি বলে জানিয়েছে দেশটির জাতীয় সংবাদ সংস্থা।

এর আগে গত বছর এপ্রিলে লেবানন কর্তৃপক্ষ বৈরুত সমুদ্রবন্দরে ভুট্টা বোঝাই একটি জাহাজ থেকে এক কোটি ৫০ লাখ ক্যাপটাগন পিল উদ্ধার করেছিল।

ক্যাপটাগন পিলে সাধারণত অ্যামফেটামিন ও ক্যাফেইন থাকে । মধ্যপ্রাচ্যে মাদক হিসেবে ক্যাপটাগন পিল ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

১৯৬০ সালে প্রথম ক্যাপটাগন পিল তৈরি করা হয়। তখন এটি অস্থিরতা ও বিষন্নতা রোগের চিকিৎসায় ব্যবহৃত হত। কিন্তু ১৯৮০ সাল নাগাদ বহু মানুষ এতে আসক্ত হয়ে পড়ায় অনেক দেশ পিলটি উৎপাদন, বিক্রি ও সেবন নিষিদ্ধ ঘোষণা করে।

জাতিসংঘের মাদক ও অপরাধ কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, ২০১৩ সালে বিশ্বে যে পরিমাণ অ্যামফেটামিন বাজেয়াপ্ত হয়েছে তার ৬৪ শতাংশই মধ্যপ্রাচ্য থেকে হয়েছে।