শনাক্ত করা পরিবার তার নয়, দাবি গীতার
পাকিস্তানে আটকেপড়া বাক ও শ্রবণ প্রতিবন্ধী ভারতীয় নারী গীতা ছবি দেখে যে পরিবারকে নিজের বলে শনাক্ত করেছিলেন সেটি তার নয় বলে দাবি করেছেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, গীতা ‘ওই পরিবারকে তার নয় বলে দাবি করেছেন।’
ভারত থেকে পাঠানো ছবিকে গীতা নিজের পরিবার বলে শনাক্ত করেছিলেন।
বিবিসি বলছে, ভারতের সরকার এখন দিল্লিতে যে পরিবারটি তার সঙ্গে মিলিত হয়েছে তাদের সঙ্গে গীতার ডিএনএ পরীক্ষা করে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হবে।
ভারতের পূর্বাঞ্চলীয় প্রদেশ বিহারের একটি পরিবারের ছবি দেখে নিজের পরিবার বলে শনাক্ত করেছিলেন গীতা। ভারতে প্রত্যাবর্তন করার পর দিল্লিতে ওই পরিবারের সঙ্গে মিলিত হন তিনি।
অবশ্য অন্ততপক্ষে আরও দুটি পরিবার গীতাকে তাদের সদস্য বলে দাবি করছে।
সুষমা বলেন, ডিএনএ পরীক্ষায় ইতিবাচক প্রমাণ পাওয়া গেলে তারা গীতাকে তার পরিবারকে গ্রহণ করার জন্য আলোচনা করবেন তারা।
কিন্তু পরীক্ষায় নেগেটিভ ফলাফল আসলে গীতাকে তার পরিবারের খোঁজ পাওয়ার আগ পর্যন্ত আশ্রয়কেন্দ্রে রাখা হবে।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, “বাবা-মাকে পাওয়া যাক বা না যাক, গীতা আমাদের মেয়ে। দীর্ঘসময় তাকে দেখভাল করার জন্য আমি পাকিস্তানকে আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই।”
ভারতীয় বাক ও শ্রবণ প্রতিবন্ধী নারী গীতা এক দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানে আটকা পড়েছিলেন।
সোমবার পাকিস্তানের একটি বিমানে চেপে ভারতের রাজধানী দিল্লিতে এসে নামেন তিনি।
বিমানবন্দরে গীতাকে স্বাগত জানাতে ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গীতার সঙ্গে পাকিস্তানে তাকে দেখভাল করা স্বেচ্ছাসেবী সংস্থা ঈদি ফাউন্ডেশনের সদস্যরাও এসেছেন।
২০০৩ সালে ১১ বছর বয়সে ভারতের পাঞ্জাব থেকে হারিয়ে যাওয়ার পর নিজের অজান্তেই সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে ঢুকে পড়েছিলেন গীতা। পাকিস্তানি রেঞ্জার্স লাহোর থেকে তাকে আটক করে ঈদি ফাউন্ডেশনের হাতে তুলে দেয়।
তারপর থেকে করাচির ঈদি ফাউন্ডেশনের তত্ত্বাবধানেই ছিলেন তিনি। গীতা নামটিও ফাউন্ডেশনের পরিচালক বিলকিস ঈদির দেয়া।
এখন গীতার বয়স প্রায় ২২ বছর বলে অনুমান করা হচ্ছে।
