‘গভীরতায়’ কমেছে আফগান ভূমিকম্পের ভয়াবহতা
আফগানিস্তানের ভূমিকম্পটি ব্যাপক মাত্রার হলেও ভূকম্পন সৌভাগ্যক্রমে মাটির অনেক গভীরে হওয়ায় এটি খুব বেশি ভয়াবহ হয়নি।
ভূমিকম্পের বিশ্লেষণে এমনটিই বলছেন গবেষকরা।
যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা প্রাথমিকভাবে ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৭ বলে জানালেও পরে তা ৭ দশমিক ৫ বলে জানায়।
তারপরও এই মাত্রার ভূমিকম্পও আদতে ভয়ানক শক্তিশালী ভূমিকম্প।
বিশ্বজুড়ে প্রতিবছর গড়ে মাত্র প্রায় ২০ টির মতো ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ০ এর চেয়ে বেশি হয়ে থাকে।
সে হিসাবে আফগানিস্তানে সোমবারের ভূমিকম্পটি ভয়ানক শক্তিশালী হলেও এর কেন্দ্র ছিল মাটির ২০০ কিলোমিটারেরও বেশি গভীরে।
এপ্রিলে নেপালে ৭ দশমিক ৮ মাত্রার যে ভূমিকম্প ব্যাপক ধ্বংস ডেকে এনেছে তার চেয়েও মাটির অনেক বেশি গভীরে উৎপত্তি হয়েছে আফগানিস্তানের ভূমিকম্পটি।
নেপালের ভূমিকম্পটি ছিল মাটির মাত্র ৮ কিলোমিটার গভীরে। এর পরাঘাতও অনুভূত হয়েছে একের পর এক। এর মধ্যে ৭ দশমিক ৩ মাত্রার একটি পরাঘাত হয় মে মাসে।
একইভাবে ১০ বছর আগে ৭ দশমিক ৬ মাত্রার যে ভূমিকম্পে হাজার হাজার মানুষের মৃত্যু হওয়াসহ কাশ্মীর লন্ডভন্ড হয়েছিল সেটির উৎপত্তিস্থল ছিল মাত্র ২৬ কিলোমিটার গভীরে।
আফগানিস্তানে এবারের ভূমিকম্পটির গভীরতা এদিক থেকে অনেক বেশি থাকায় ভূকম্পন বিস্তীর্ণ এলাকাজুড়ে অনুভূত হলেও মাটি কিছুটা কম কেঁপেছে।
সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প বিশেষজ্ঞ প্রফেসর মার্টিন মাই বিবিসি’কে বলেন, “ভূমিকম্পে ঘরবাড়ি ভেঙে পড়ার বিষয়টি অন্যান্য ভূমিকম্পের মতো একইরকমই হবে। কিন্তু পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে এর কেন্দ্র অনেক দূরে হওয়ায়, কম্পন শক্তিশালী হলেও অগভীর ভূমিকম্পগুলোর তুলনায় এটি কম মারাত্মক হয়েছে।”
যে টেকটনিক প্লেটগুলোর সংঘর্ষের কারণে নেপালের ভূমিকম্প হয়েছিল এ ভূমিকম্পের পেছনেও সে ধরনের কারণ আছে, তবে একটির সঙ্গে আরেকটির সরাসরি কোনো যোগসূত্র নেই।
হিন্দুকুশ পর্বত ইন্ডিয়ান প্লেটের এক কোণায় হওয়ায় তা অন্যান্য প্লেটের সঙ্গে সংঘর্ষ হওয়ার মতো মুখোমুখি অবস্থানে নেই। তবে এখানে আছে বহু আন্তসম্পর্কিত ফল্ট এবং সঞ্চিত শক্তি বেরিয়ে আসতে চাইছে নানা দিক থেকে।
কয়েক লক্ষ বছর ধরে এ অঞ্চলে বিভিন্ন প্লেট একজায়গায় এসে একটি জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে বলে জানান প্রফেসর মাই।
তিনি বলেন, “অনেক ফল্ট লাইনই চিহ্নিত করা গেছে। বর্তমানে সেগুলোর সবই সক্রিয় নয়। কিন্তু এ ধরনের ভূমিকম্পের মধ্য দিয়ে সেগুলোর যে কোনোটিই যে কোনোসময় সক্রিয় হয়ে উঠতে পারে।”
“আর এ এলাকাটিতে হওয়া ভূমিকম্পগুলো মূলত গভীরই হয়। এ গভীরতা হয় ১০০ থেকে ২০০ কিলোমিটার”, বলেন মাই।
