উত্তর কোরিয়ার টহল নৌকায় গুলি দক্ষিণ কোরিয়ার
পীত সাগরে উত্তর কোরিয়ার একটি টহল নৌকা লক্ষ্য করে গুলি চালিয়েছে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী। এ ঘটনাকে ‘মারাত্মক উস্কানি’ বলে অভিহিত করেছে পিয়ং ইয়ং।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, উত্তর কোরিয়ার টহল নৌকাটি দু’দেশের সমুদ্রসীমা লঙ্ঘন করলে এটির দিকে গুলি চালানো হয়।
উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ বলছে, তাদের টহল নৌকাটি নিয়মিত অভিযানে ছিল।
শনিবার স্থানীয় সময় বিকাল ৩টা ৩০ মিনিটে নৌকাটিকে লক্ষ্য করে পাঁচটি গুলি ছোড়া হয় বলে জানিয়েছে ইয়োনহাপ।
পীত সাগরে দক্ষিণ কোরিয়ার ঘোষিত সমুদ্রসীমা এর আগেও লঙ্ঘন করেছে উত্তর কোরিয়া। গত বছরের ফেব্রুয়ারি মাসে পিয়ংইয়ং একাধিকবার ওই সীমা লঙ্ঘন করে।
গত বছর অক্টোবরে দুই দেশ কিছু সময়ের জন্য গুলি বিনিয়মও করেছে।
১৯৫০ থেকে ৫৩ সালের কোরিয়া যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর সদস্যদের মধ্যে সাক্ষাত চলার সময়টি এ গুলিবর্ষণের ঘটনা ঘটল। এ সপ্তাহের পুনর্মিলনীটি গত পাঁচ বছরের মধ্যে মাত্র দ্বিতীয় দফার।
