২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় প্যাট্রিসিয়া: আশঙ্কার তুলনায় ক্ষয়ক্ষতি কম

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত হানা অন্যতম সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় প্যাট্রিসিয়ায় আশঙ্কার তুলনায় কম ক্ষয়ক্ষতি হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Oct 2015, 10:39 AM

Updated : 12 Oct 2022, 04:19 PM

শুক্রবার সন্ধ্যায় পাঁচ মাত্রার ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ২৬৬ কিলোমিটার (১৬৫ মাইল/ঘণ্টা) বাতাসের বেগ নিয়ে মেক্সিকোর উত্তরপূর্ব উপকূলের মানসানিলো বন্দরের কাছাকাছি কুইসমালা এলাকায় আঘাত হানে।

এরপর দ্রুত দেশটির ভিতরের দিকে এগিয়ে গেলেও মেক্সিকোর পশ্চিম উপকূলজুড়ে দাঁড়িয়ে থাকা পর্বতে বাধা পেয়ে দুর্বল হয়ে পড়ে। শনিবার মেক্সিকোর কেন্দ্রীয় অঞ্চলের দিকে এগিয়ে যাওয়ার সময় ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে একটি ক্রান্তিয় ঝড়ে পরিণত হয়।

কুইসমালার বিদ্যুৎ ও টেলিফোন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় সেখানকার প্রকৃত পরিস্থিতি জানা যায়নি। 

রেকর্ডকৃত ইতিহাসের অন্যতম সর্বোচ্চ শক্তিশালী ঘূর্ণিঝড়টি এগিয়ে আসার মুখে উপকূলীয় এলাকার কয়েক হাজার বাসিন্দা ও পর্যটক আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়ে যায়, তাড়াহুড়া করে প্রস্তুত করা আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থান নেয় তারা।

পর্যটন কেন্দ্র পূয়ার্তো বাইয়ার্তা ও কার্গো বন্দর মানসানিলোতে সরাসরি আঘাত না হানায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

তবে ঝড়ের প্রভাবে গ্রামীণ এলাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল বাতাসের ঝাপটায় পাকা ইটের তৈরি ঘরবাড়ির উপরের টিনের চাল উড়ে গেছে, গাছপালা উপড়ে পড়েছে।

দেশটির খালিসস্কো রাজ্যে উপর দিয়ে ঝড়টি বয়ে যাওয়ার সময় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রাজ্যের ক্ষুদ্র গ্রাম চ্যামেলার কৃষক রবার্তো গনসালেস সব হারিয়ে ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ছিলেন।

তিনি বলেন, “আমি সব হারিয়েছি, এমনকি ঘুমানোর মতো কোনো আশ্রয়ও নেই আমার।”

চ্যামেলার ৫০টির মতো বাড়ির মধ্যে প্রায় ৭৫ শতাংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। স্থানীয় বাসিন্দাদেরে একটি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। 

বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত গতির কারণে ঘূর্ণিঝড়টি স্থলভাগে পরিপূর্ণভাবে আঘাত হানার আগেই পর্বতে যেয়ে বাধা পায় এবং দুর্বল হয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে দেয়; যে বিশাল জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হয়েছিল, একই কারণে তাও হয়নি।