প্রেসিডেন্টকে ‘হত্যার চেষ্টা’, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট গ্রেপ্তার
মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনকে হত্যার কথিত চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশটির ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরটি জানিয়েছে বিবিসি।
এক ট্যুইটার বার্তায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী উমর নাসির বলেছেন, আহমেদ আদিবকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে দেশদ্রোহীতার সর্বোচ্চ অভিযোগ আনা হবে।
আদিবকে একটি কারাদ্বীপে রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
পুলিশ জানিয়েছে, বিদেশ থেকে এক সরকারি সফর শেষে ফেরার পর আদিবকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
২৮ সেপ্টেম্বর সৌদি আরব থেকে হজ শেষে দেশে ফেরেন প্রেসিডেন্ট ইয়ামিন। বিমানবন্দর থেকে প্রেসিডেন্টকে বহনকারী বোটটি রাজধানী মালের কাছাকাছি পৌঁছানোর পর বোটে ঘটা রহস্যময় এক বিস্ফোরণ থেকে অল্পের জন্য রক্ষা পান তিনি।
কিন্তু বিস্ফোরণে তার স্ত্রী, এক সহকারী ও এক দেহরক্ষী আহত হন।
ঘটনার পরপরই নিজ সরকারের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ইয়ামিন। এর সপ্তাহখানেকের মধ্যেই বেশ কয়েকজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাও চাকরিচ্যুত হন।
