২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় রুশ বিমান হামলায় বিদ্রোহী নেতাসহ নিহত ৪৫

সিরিয়ার লাতাকিয়া প্রদেশে রাশিয়ার বিমান হামলায় একটি বিদ্রোহী দলের শীর্ষ নেতাসহ ৪৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক নজরদারি সংগঠন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Oct 2015, 06:23 PM

Updated : 25 Apr 2022, 02:01 PM

মঙ্গলবার ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, সোমবার সন্ধ্যায় লাতাকিয়া প্রদেশের জাবাল আকরাদ এলাকায় ওই বিমান হামলায় নিহত ৪৫ জনের মধ্যে বিদ্রোহী যোদ্ধা ও বেসামরিক নাগরিক রয়েছে।

'ফার্স্ট কোস্টাল ডিভিশন' বিদ্রোহী দলটি 'ফ্রি সিরিয়ান আর্মি'র ব্যানারে যুদ্ধ করছে। দলটির পক্ষ থেকে তাদের প্রধান নেতা বাসিল জামোর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। জামো সিরিয়ার সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন ছিলেন।

অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, যুক্তরাষ্ট্রের সমর্থনে সিরিয়ার যেসব বিদ্রোহী সংগঠন বিদেশী সামরিক সাহায্য পায় তাদের একটি হচ্ছে 'ফার্স্ট কোস্টাল ডিভিশন'।

সোমবার আলেপ্পোর দক্ষিণে অন্য এক সংঘর্ষে এ ধরণের আরেকটি দল নূর আল দ্বীন আল-জিনকি ব্রিগেডসের কমান্ডার নিহত হয়েছে বলেও জানিয়েছে নজরদারি সংস্থাটি।

২০১১ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে বিদ্রোহের পর  সিরিয়ার সেনাবাহিনী থেকে পালিয়ে যাওয়া সেনা কর্মকর্তারাই বিদ্রোহী এসব দলগুলোর অধিকাংশের নেতৃত্ব দিচ্ছে।

আল-কায়দা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্টের মতো কয়েকটি চরমপন্থি সংগঠনও সেখানে আসাদের বিরুদ্ধে যুদ্ধ করছে।

আসাদকে যুদ্ধে সহায়তা করতে ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় বিমান হামলা শুরু করে রাশিয়া।

এছাড়া, ইরানের সেনা এবং লেবাননের হিজবুল্লাহ গেরিলারা আসাদের পক্ষে যুদ্ধ করছে।