পশ্চিম তীরে ইহুদিদের উপাসনালয়ে ফিলিস্তিনিদের আগুন
পশ্চিম তীরে ইহুদিদের একটি পবিত্র স্থানে আগুন ধরিয়ে দিয়েছে ফিলিস্তিনিরা।
ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, শুক্রবার প্রায় একশ মানুষ ইহুদিদের আধ্যাত্মিক পুরুষ জোসেফের সমাধিস্থলে জড় হয় এবং সেখানে আগুন ধরিয়ে দেয়।
ওই সমাধিটি ফিলিস্তিন শহর নাবলুসে অবস্থিত। পরে ফিলিস্তিনের নিরাপত্তাবাহিনী তাদের সেখান থেকে সরিয়ে দেয়।
বিবৃতিতে বলা হয়, "এই ঘটনাটিকে আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং পবিত্র স্থানগুলোতে যেকোনো ধরণের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। যারা আগুন লাগিয়েছে আমারা তাদের খুঁজে বের করে গ্রেপ্তার করবো।"
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ ঘটনার নিন্দা জানান। তিনি সমাধিস্থলের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করার এবং বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।
আব্বাসের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, "প্রেসিডেন্ট আব্বাস সুস্পষ্টভাবে এ ধরণের কর্মকাণ্ড এবং আইন ও শৃঙ্খলা বিরোধী যেকোন ধরণের কর্মকাণ্ড বন্ধের নির্দেশ দিয়েছেন। এ ধরণের কর্মকাণ্ড আমাদের সংস্কৃতি, আমাদের মূল্যবোধ ও আমাদের ধর্মকে বিবৃতভাবে উপস্থাপন করবে।"
সম্প্রতি জেরুজালেম ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ আবারও মারাত্মক রূপ ধারণ করেছে।
এ পরিস্থিতি মোকাবেলায় আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি বিশেষ বৈঠকে বসতে যাচ্ছে।
সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনার জন্য শিগগিরই মধ্যপ্রাচ্য সফরে যাওয়ার পরিকল্পনা করছেন বলে জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
এদিকে চলমান পরিস্থিতি শান্ত করতে মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
