২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ব্রিটিশ হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫

আফগানিস্তানে ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ব্রিটিশ বাহিনীর দুইজনসহ নেটোর পাঁচ সদস্য নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2015, 11:37 AM

Updated : 25 Apr 2022, 01:59 PM

রোববার বিকেলে রাজধানী কাবুলে নেটোর রেজুলুট সাপোর্ট মিশনের সদরদপ্তরে নামার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে সোমবার জানিয়েছেন কর্মকর্তারা, খবর বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসির।    

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের পুমা এমকে টু হেলিকপ্টারটি ঘাঁটিতে নামার সময় বিধ্বস্ত হয়েছে এবং এতে ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন।

তাদের বিবৃতিতে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হওয়ার কথা জানিয়ে এটিকে দুর্ঘটনা বলে নিশ্চিত করা হয়েছে, এটি বিদ্রোহীদের ‘তৎপরতার ফলাফল’ নয় বলেও দাবি করা হয়েছে। তবে বিবৃতিতে নেটোর আর কারও হতাহতের কথা জানানো হয়নি। 

এক বিবৃতিতে নেটোর ‘রেজুলুট সাপোর্ট’ জানিয়েছে, ১০ আরোহী নিয়ে জোটের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়, এতে রেজুলুট সাপোর্টের পাঁচ সদস্য নিহত ও অপর পাঁচজন আহত হয়েছেন।

নিহত দুই ব্রিটিশ ছাড়া হতাহত অন্যান্যদের জাতীয়তা জানানো হয়নি।

আফগানিস্তানে নেটোর যুদ্ধ মিশন শেষ হলেও রেজুলুট সাপোর্টের অংশ হিসেবে প্রায় ১২ হাজার সেনা দেশটিতে রয়ে গেছে। এদের অধিকাংশই যুক্তরাষ্ট্রের সেনা। মূলত আফগান নিরাপত্তা বাহিনীগুলোকে প্রশিক্ষণ দেওয়াই এদের কাজ।  

এর আগে রোববার সকালে কাবুলে ব্রিটিশ সামরিক বহর লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। তালেবানের দায় স্বীকার করা এই হামলায় সাতজন আহত হন। আহতদের মধ্যে কোনো ব্রিটিশ নাগরিক ছিলেন না।