২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস প্রধানের বহরে হামলার দাবি ইরাকের

ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল-বাগদাদির গাড়ি বহরে বিমান হামলা চালানোর দাবি করেছে ইরাকের সেনাবাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2015, 10:50 PM

Updated : 25 Apr 2022, 01:58 PM

সিরিয়া সীমান্তবর্তী আনবার প্রদেশের পশ্চিমাঞ্চলে এ হামলা চালানো হয়। তবে আইএস প্রধানের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি বলে জানিয়েছে বিবিসি। হামলার বিষয়ে আর কেউ নিশ্চিত করেও কিছু জানায়নি।

রোববার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, "ইরাকের বিমান বাহিনী জঙ্গি আবু বকর আল-বাগদাদির গাড়ি বহরের ওপর বোমা হামলা চালিয়েছে। বাগদাদি একটি বৈঠকে অংশ নেয়ার জন্য কারবালায় যাচ্ছিলেন।"

"বিমান হামলার পর বাদগাদিকে একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার শারীরিক অবস্থা কেমন তা আমরা এখনও জানতে পারিনি। যেখানে বৈঠক হওয়ার কথা ছিল সেখানেও বিমান হামলা চালানো হয়েছে। হামলায় দলটির বেশ কয়েকজন নেতা নিহত ও আহত হয়েছেন।"

শনিবার দুপুরে ওই হামলা চালানো হয়েছে বলে জানান স্বরাষ্ট্মন্ত্রণালয়ের মুখপাত্র সাদ মান।

প্রাথমিক কয়েকটি খবরে হামলায় বাগদাদি নিহত কিংবা গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানানো হলেও এ খবর পরবর্তীতে কেউ নিশ্চিত করেনি।

এ বিষয়ে আইএস'র পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো জবাব পাওয়া যায়নি।

আইএস'র একজন গণমাধ্যম প্রতিনিধি বলেছেন, নিজেদের সেনাদের মনোবল বাড়াতে ইরাক সরকার এ দাবি করছে।

এ বছরের শুরুতেও বাগদাদির মৃতুর খবর ছড়িয়ে পড়েছিল। তখন বলা হয়েছিল, মার্চে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় গুরুতর আহত হওয়ার পর তার মৃত্যু হয়।

বাগদাদি অত্যন্ত যত্নের সঙ্গে নিজের অবস্থান এবং নিজের সম্পর্কে সব তথ্য আড়াল করে রেখেছেন। এমনকি আইএস যোদ্ধারাও তাকে মুখোমুখি দেখার বিষয়ে নিজেদের মধ্যে কোনো কথা বলে না।

২০১১ সালে বাগদাদিকে ধরিয়ে দেয়া বা তাকে মেরে ফেলার জন্য এক কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র।