সিরীয় শরণার্থীদের দেশে ফেরত পাঠাবেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে সিরীয় শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠাবেন বলে ঘোষণা করেছেন রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প।
নিউ হ্যাম্পশায়ারে এক সমাবেশে ট্রাম্প একথা বলেন।এর মধ্য দিয়ে তিনি শরণার্থীদের নিয়ে আগের নীতি থেকে সরে আসলেন।
এর আগে এ মাসের শুরুতে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের আরো শরণার্থীকে আশ্রয় দেয়া উচিত বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টির হয়ে মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন।
বিবিসি জানিয়েছে, বুধবার নিউ হ্যাম্পশায়ারে নির্বাচনী প্রচারকালে এক হাই স্কুলে দর্শকশ্রোতাদের উদ্দেশে ট্রাম্প বলেন, “ শুনলাম আমরা ২ লাখ সিরীয় শরণার্থী নিতে চাই। এদেরকে নেয়া হলে এরা ইসলামিক স্টেটও (আইএস) হতে পারে।”
তিনি আরো বলেন, “এ গণ-অভিবাসনের সুযোগ নিয়ে সিরিয়ার যেসব লোক যুক্তরাষ্ট্রে আসছে, তাদের উদ্দেশে আমি বলতে চাই, যদি আমি জিতি, যদি আমি জিতি, তাদের ফিরে যেতে হবে।”
