কুন্দুজের কেন্দ্রস্থল দখল করেছে আফগান বাহিনী
তালেবান জঙ্গিদের সঙ্গে তুমুল লড়াইয়ের পর উত্তরাঞ্চলীয় কুন্দুজ শহরের কেন্দ্রস্থল দখল করেছে আফগান সেনারা।
তালেবানের কাছে প্রাদেশিক এ রাজধানী শহরের দখল হারানোর তিনদিন পর বৃহস্পতিবার তা পুনর্দখল করল আফগান বাহিনী।তবে শহরের অন্যান্য অংশে এখনো লড়াই চলছে।
কুন্দুজের অধিবাসীরা জানিয়েছে, আফগান সেনারা শহরের কেন্দ্রীয় চত্বর থেকে তালেবান পতাকা সরিয়ে ফেলে সরকারি পতাকা উড়িয়েছে এবং ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে। আকাশে উড়ছে সামরিক হেলিকপ্টার এবং চারিদিকে রয়েছে সরকারি বাহিনী। রাস্তায় নাস্তায় তালেবান যোদ্ধাদের মৃতদেহ পড়ে আছে। কিন্তু কয়েকটি সরকারি ভবনে এখনো জঙ্গিরা রয়ে গেছে।
তালেবানের এক মুখপাত্র সরকারি বাহিনীর কুন্দুজ পুনর্দখলের খবর অস্বীকার করে বলেছেন, তালেবান যোদ্ধারা আফগান ও মার্কিন বাহিনীর হাতে অবরুদ্ধ হয়ে পড়া ঠেকাতে শহরের এক প্রান্তে সরে গেছে।
তালেবান জঙ্গিরা এখনো শহরটিতে প্রতিরোধ লড়াই চালিয়ে যাচ্ছে বলে অধিবাসীরা জানালেও আফগান প্রতিরক্ষামন্ত্রণালয়ের মুখপাত্র দওলত ওয়াজিরি বলেছেন, তালেবানরা কুন্দুজ ছেড়ে চলে গেছে। লড়াইয়ে ১৫০ তালেবান নিহত এবং ৯০ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে।
২০০১ সালে আফগানিস্তানের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে গত সোমবার প্রথমবারের মতো প্রাদেশিক রাজধানী দখল করে নিয়েছিল তালেবান জঙ্গিরা। তারপর থেকে যুক্তরাষ্ট্রের বিমান হামলার সহায়তায় আফগান বাহিনী দুইদিন ধরে শহরটি পুনর্দখলের চেষ্টা চালায়।
