ইরাকে কুর্দি শিবিরে তুর্কি বিমান হামলায় নিহত ৫৫
উত্তর ইরাকে বিদ্রোহী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) শিবিরে তুর্কি যুদ্ধবিমানগুলোর হামলায় অন্তত ৫৫ কুর্দি বিদ্রোহী নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাতে এসব হামলা চালানো হয়েছে বলে শনিবার তুরস্কের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে।
তুর্কি যুদ্ধবিমানগুলো দেশটির দক্ষিণপূর্বাঞ্চলের দিয়ারবাকিরের একটি ঘাঁটি থেকে হামলার জন্য রওয়ানা হয়ে পরে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই ফিরে আসে বলে জানিয়েছে সূত্রগুলো।
জুলাইতে উত্তর ইরাকে পিকেকের ঘাঁটিতে তুর্কি যুদ্ধবিমানগুলো হামলা চালালে আঙ্কারার সঙ্গে পিকেকে বিদ্রোহীদের যুদ্ধবিরতি ভেস্তে যায়। তারপর থেকে প্রায় প্রতিদিন তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলের কুর্দি অধ্যুষিত এলাকাগুলোতে পিকেকে বিদ্রোহীদের সঙ্গে তুর্কি নিরাপত্তাবাহিনীগুলোর প্রাণঘাতী সংঘর্ষ হচ্ছে।
এর জবাবে পার্বত্য উত্তর ইরাকে পিকেকের শিবিরগুলোতে ক্রমাগত বোমাবর্ষণ করছে তুরস্কের নিরাপত্তা বাহিনীগুলো। দুপক্ষের চলমান লড়াই গত দুই দশকের মধ্যে বর্তমানে সবচেয়ে মারাত্মক আকার ধারণ করেছে। পহেলা নভেম্বরের পার্লামেন্ট নির্বাচনের আগে পিকেকের উপর হামলার রাশ টানার কোনো লক্ষণও দেখাচ্ছে না আঙ্কারা।
পিকেকের পাশাপাশি প্রতিবেশী সিরিয়ার ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে চলমান আন্তর্জাতিক অভিযানেও শামিল হয়েছে তুরস্ক।
‘একজন সন্ত্রাসী বেঁচে থাকা পর্যন্ত’ লড়াই চলবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট তায়িপ এরদোয়ান।
তুরস্কের কুর্দি এলাকাগুলোর বৃহত্তর স্বায়ত্তশাসনের লক্ষ্যে লড়াই করছে বলে দাবি পিকেকের। কিন্তু তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র পিকেকে-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।
১৯৮৪ সাল থেকে শুরু হওয়া পিকেকে-আঙ্কারার লড়াইয়ে ৪০ হাজারেও বেশি মানুষ নিহত হয়েছেন।
