নিরাপত্তা বিল বাতিলে উত্তাল জাপান
বিতর্কিত জাতীয় নিরাপত্তা বিল বাতিলের দাবিতে ক্রমেই উত্তাল হয়ে উঠছে জাপান। সপ্তাহ খানেক বিরতির পর ফের বিক্ষোভে প্রতিবাদ মুখর হয়ে উঠছে জাপানিরা।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টা (বাংলাদেশ সময় সাড়ে ৩ টা) টোকিওয় পার্লামেন্টের সামনে দশ হাজারের বেশি মানুষ জড়ো হয়ে নিরাপত্তা বিল বাতিলের দাবিতে রাস্তায় নামে।
এ নিয়ে গত পনের দিনের মধ্যে জাপানে বড় ধরনের তিনটি বিক্ষোভ হয়েছে, যেখানে হাজার হাজার মানুষ সমবেত হয়েছে।
প্রধানমন্ত্রী শিনজো আবে গত জুলাই মাসে সংসদের নিম্নকক্ষে ‘সামরিক আইনের আদলে তৈরি নিরাপত্তা বিল’ পাশ করায়। চলতি মাসে বিলটি সংসদের উচ্চকক্ষে পাশ হওয়ার কথা রয়েছে।
নিম্নকক্ষে পাশ করা এ্ই বিলে বলা হয়েছে, দেশ ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাপানি সেনারা যেকোন দেশে যুদ্ধে অংশ নিতে পারবে। প্রয়োজনে দেশের স্থল, জল ভাগও ব্যবহার করা যাবে।
ব্যাপক বিক্ষোভ ও সমালোচনার মুখে শিনজো আবের পক্ষ থেকে বলা হচ্ছে, বিলটি সামরিক আইনের হলেও দেশের নিরাপত্তা রক্ষায় এর প্রয়োজনীয়তা রয়েছে। সেনাদের কাজে লাগিয়ে দেশ নির্বিঘ্নে নিরাপত্তা দেয়ার কথা বলছে।
এমনকি বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশ থেকে জাপানকে আক্রমণ করা হলেও জাপানি সেনারা নীরব থেকেছে। আর এই প্রেক্ষিত্রে নিরাপত্তা বিল বাস্তবায়ন প্রয়োজন।
তবে দেশের জনগণ, শুরু থেকে নিরাপত্তা বিল নিয়ে দ্বিমত পোষণ করে আসছে। বিরোধীদলগুলো এর বিপক্ষে যাওয়ার পর গত মাসের শেষ সপ্তাহ থেকে বিক্ষুব্ধ হয়ে ওঠে জাপানিরা।
সোমবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত (বাংলাদেশ সময় সাড়ে বিকেল ৫ টা) চলা এদিনের বিক্ষোভে শিশু কিশোর, বৃদ্ধ, অধ্যাপক, চিকিৎসকসহ নোবেল বিজয়ী সাহিত্যিক কেনজাবুরো ওয়ও যোগ দেন।
স্লোগান আর প্লাকার্ডে ছেয়ে যাওয়া পার্লামেন্ট এলাকা তৈরি হয় জনসমুদ্রে। আন্দোলনকারীরা বলছে, দেশে যুদ্ধ-বিগ্রহ থেকে মুক্তি পেতে প্রয়োজনে রক্ত দিয়েও নিরাপত্তা বিল ঠেকানো হবে। নতুন প্রজন্ম যাতে যুদ্ধের কালিমায় কলঙ্কিত না হয়, সেজন্য জনপ্রিয়তাহীন একটি জোর পূর্বক আইনের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব।
বিক্ষোভকারীরা আরো বলছে, এই বিলটি শিনজো আবে পশ্চিমা শাসক গোষ্টীকে সন্তুষ্ট করার জন্য করছে। মার্কিন সেনারা দেশের সেনাদের প্রশিক্ষণ দেয়ার অজুহাতে জাপানে অবস্থান করছে। সোমবারের বিক্ষোভের নেতৃত্বে ছিল, ‘স্টুডেন্ট এমার্জেন্সি অ্যাকশন ফর লিবারেল ডেমোক্রসি’ (শিল্ড) ও কয়েকটি বিরোধীদল।
বিক্ষোভে আসা ষাটর্ধ্বো নোবল জয়ী কেনজাবুরো ওয়। তিনি বলেন, আর ঘরে বসে থাকতে পারলাম না। যেখানে সিংহভাগ জাপানি নিরাপত্তা বিল বাতিলের দাবি করছে, সেখানে সরকার কেন একগুঁয়েমি করছে তা আমার সত্যি বোধগম্য হচ্ছে না। নিরাপত্তা বিল যদি জনগণের উদ্দেশ্যে হয়, তাহলে জনগণ তো চাইছে না, শিনজো আবে কেন চাইছেন?
আমি বিতর্কিত এ বিল বাতিলের দাবি জানাচ্ছি। একই সাথে ভবিষতে যেন এ ধরনের খাম খেয়ালি সিদ্ধান্ত থেকে সরকার বিরত থাকে সেই প্রত্যাশা করছি।
জাপানের একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত তজুকি মুকাতিমা বলেন, আমি এখানে এসেছি, আমার সন্তানের ভবিষৎ বাঁচাতে। আমার মাতৃভূমিকে রক্ষা করতে। অনাকাংক্ষিত যুদ্ধ এড়িয়ে দেশের শান্তির জন্য পথে নেমেছি। আমরা চাইব না জাপান আর কোনো পারমাণবিক যন্ত্রণায় বিপর্যস্ত হোক। আর এজন্য শিনজো আবেকে পদক্ষেপ নিতে হবে। আমরা শান্তি চাই, যুদ্ধ নয়।
