২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে বন্যায় মৃত ৩, নিখোঁজ ২৬

জাপানে অতীতের রেকর্ড ভঙ্গ করে ঘূর্ণিঝড় ইতাও এর প্রভাবে সৃষ্ট বন্যায় ব্যাপক দূর্ভোগে পড়েছে তিন প্রদেশের কয়েক হাজার মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2015, 07:49 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

শুক্রবার স্থানীয় সময় রাত ৯ টা পর্যন্ত ৩ জনের প্রাণহানি ও ২৬ জন নিখোঁজ হয়েছে। এ সংখ্যা আরো বাড়বে বলে পুলিশ জানিয়েছে। দূর্যোগ কবলিত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধার তৎপরতা জারি রেখেছে সরকার।

বন্ধ রয়েছে ট্রেন যোগাযোগ। বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে । ভেসে গেছে কয়েকশ কাঠের বাড়ি। ২০১১ সালে সুনামি পরবর্তী এ বন্যাই সবচেয়ে বড় প্রাকৃতিক দূর্যোগ, বলছে সরকার।

বুধবার বিকাল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ের তীব্রতায় দেশটির মিয়াগি, তাওয়ায়, ইবারাকি, তোচিগি প্রদেশে বন্যা দেখা দেয়। বৃহস্পতিবার ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করে সবাইকে নিরাপদ আশ্রয়স্থলে যেতে বলা হয়েছে। আকাশ টহলে পুলিশ উদ্ধার করেছে ছয় শতাধিক মানুষ।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় পুলিশ সংস্থার (এনপিএ) পক্ষ থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত তিনজন নিহত ও ২৬ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে তোচিগি প্রদেশের কানুমা এলাকায় বৃদ্ধ ফুমিকো কোবেয়াশি (৬৩), ইসোফুমি সাতো (২৫) ও হিতোমি তাকায়াশি (৪৮)।

পুলিশ বলছে, বৃহস্পতিবার থেকে শুক্রবার বিকেল পর্যন্ত ইবারাকি প্রদেশের জোসো এলাকা থেকে ২২ জন  কিনুগাওয়া নদীর পানিতে ভেসে গেছে, যাদের মধ্যে দুইজন শিশুও রয়েছে। এছাড়া, তোচিগি প্রদেশ থেকে আরো ৪ জন নিখোঁজ হওয়ার তথ্য পেয়েছেন তারা।

ওদিকে, বন্যায় ক্ষতিগ্রস্ত জোসো এলাকার স্থানীয় সিটি কর্পোরেশন বলছে, তারা ইতিমধ্যে ৩২ টি এলাকার ৫ হাজার ৫১৯ জনকে আশ্রয় দিয়েছেন। ওই এলাকায় খাবার পানি সঙ্কটে পড়েছে বলে জানিয়েছে তারা।

অন্যদিকে, জাতীয় পুলিশ সংস্থার কর্তারা জানিয়েছেন, তারা কিনুগাওয়া নদীর তীরবর্তী এলাকার ৬শ ৯১ বাসিন্দাকে উদ্ধার করেছে।

শুকবার বিকাল সাড়ে ৪ টার দিকে মিয়াগি প্রদেশের শিবু নদী ভেঙে ফুরুকাওয়া ও নিশিয়ারায় জেলার ২১ কিমি এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। পানিবন্দি এলাকায় মানুষদের উদ্ধার করতে ইতোমধ্যে হেলিকপ্টার ও বিশেষ নৌকা ব্যবহার করছে পুলিশ।

জাপানের আবহাওয়া অধিপ্তরের হিরুশিগি টসুগুচি বলেন, বৃহস্পতি ও শুক্রবার ওই এলাকায় ৬১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে আমরা আশা করছি, শুক্রবার মধ্যরাত থেকে বন্যা কবলিত এলাকায় বৃষ্টিপাত বন্ধ হবে। তবে শনিবার হোক্কাইডো প্রদেশে ঘূর্ণিঝড় কিলো আঘাত হানতে যাচ্ছে। ওই এলাকায় ইতোমধ্যে সতর্কতা জারি করা হয়েছে বলে জানান তিনি।