‘বিশ্বে শিশুমৃত্যুর হার অর্ধেকে নেমে এসেছে’
১৯৯০ সালের পর থেকে বিশ্বে শিশুমৃত্যুর হার ৫০ শতাংশেওর বেশি কমেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
এরআগে প্রতিবছর পাঁচ বছরের নিচে ১ কোটি ২৭ লাখ শিশু মৃত্যুবরণ করতো। কিন্তু চলতি বছর প্রথমবারের মতো সেই সংখ্যা ৬০ লাখেরও কমে নেমে এসেছে।
অবশ্য দাতা বা সাহায্য সংস্থাগুলো বলছে, অনেক কাজ এখনো বাকি রয়েছে। কেননা শিশুমৃত্যুর হার দুই-তৃতীয়াংশের কমে নামিয়ে আনার যে লক্ষ্য জাতিসংঘের তা এখনো অর্জন সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে ইউনিসেফের উপ নির্বাহী পরিচালক গীতা রাও গুপ্তা বলেন, ““এই অসাধারণ বৈশ্বিক অগ্রগতিকে আমাদের স্বীকার করে নিতে হবে।”
তিনি আরো বলেন, তবে অনেক শিশু এখনো এমন সব রোগের শিকার হয়ে মারা যাচ্ছে, যা প্রতিরোধ করা যায়। এ কারণে আমাদের এখনো অনেক কাজ করতে হবে।
বিশ্বে প্রতিদিন পাঁচ বছরের নিচে ১৬ হাজার শিশুর মৃত্যু হচ্ছে। এসব শিশুর বেশিরভাগই নিউমোনিয়া, ডায়রিয়া বা ম্যালেরিয়াযর শিকার হয়ে মৃত্যুবরণ করছে।
প্রায় অর্ধেক শিশুই অপুষ্টির শিকার হয়ে মারা যাচ্ছে।
আবার এদের মধ্যে অন্ততপক্ষে ৪৫ ভাগ শিশু একমাস পূর্ণ হওয়ার আগেই মৃত্যুবরণ করছে বলে ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, সাহারা মরুভূমির আশেপাশের দেশগুলোর শিশুরাই সবচে বেশি মৃত্যু ঝুঁকিতে রয়েছে।
