শরণার্থী শিশুদের জন্য প্রেসিডেন্টের বাড়ি
সিরিয়ায় গৃহযুদ্ধে এতিম হয়ে যাওয়া অন্তত একশ’ শিশুকে নিজ বাড়িতে আশ্রয় দেয়ার কথা জানিয়েছেন উরুগুয়ের প্রেসিডেন্ট হোসে মুজিকা।
এ মাসের শুরুতেই এসব শিশু প্রেসিডেন্টের বাড়িতে পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে।
মুজিকার গ্রীষ্মকালীন নিবাসে তাদের পৌঁছানোর কথা রয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন শরণার্থী শিবির থেকে শিশুদেরকে সেখানে পাঠানো হবে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন (ইউএনএইচসিআর)একজন অভিভাবক ছাড়া এতিমদের নতুন আবাসে পাঠায় না।
ফলে ওই সব শিশু তাদের অন্তত একজন স্বজন নিয়ে উরুগুয়ে যাবে। যেমন: চাচা, ভাই-বোন কিংবা জ্ঞাতি ভাই-বোন।
তবে শিশুদের সঠিক সংখ্যাটা এখনো চূড়ান্ত হয়নি। যেহেতু বিশেষত, উরুগুয়ে সরকারই শিশুদের সমস্ত খরচ বহন করবে।
‘বিশ্বের সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট’ হিসেবে খ্যাত মুজিকা নিজের মাসিক বেতন ১২ হাজার মার্কিন ডলারের অধিকাংশেই দাতব্য কাজে দান করে দেন। তিনি নিজে মাত্র একটি শয়নকক্ষ সম্বলিত বাড়িতে বসবাস করেন। যদিও সাম্প্রতিক একটি প্রতিবেদনে তার সম্পত্তির পরিমাণ বেশি বলে ইঙ্গিত পাওয়া গেছে।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর প্রায় ৪০ লাখ সিরীয় দেশ ত্যাগ করেছে। যাদের অধিকাংশই তুরস্ক, জর্ডান এবং লেবাননে আশ্রয় নিয়েছে।
মুজিকার স্ত্রী লুসিয়া তপোল্যান্সকি বলেন, বিশ্বের প্রতিটি দেশেরই এখন সিরিয়ার শিশুদের দায়িত্ব নেয়া উচিত। সব দেশ এক না হলে এ বিপর্যয় সামলানো কঠিন বলে তিনি মন্তব্য করেন।
