২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পালমিরার প্রাচীন মন্দির ধ্বংস করল আইএস

ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ সিরিয়ার পালমিরা নগরের একটি প্রাচীন মন্দির গুঁড়িয়ে দিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2015, 10:19 AM

Updated : 25 Apr 2022, 01:46 PM

দেশটির পুরাতত্ত্ব বিভাগের প্রধান মামুন আব্দুল কারিমের বরাতে বিবিসি বলছে, এই মন্দিরটি রোববার বিস্ফোরক দিয়ে ধ্বংস করা হয়েছে।

কিন্তু যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, একমাস আগেই এটি ধ্বংস করা হয়েছে।

মামুন আব্দুল কারিম জানিয়েছেন, মন্দিরটির বিখ্যাত কয়েকটি রোমান স্তম্ভও বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে।

চলতি বছরের মে মাসে পালমিরা দখল করে আইএস। তখনই বিশ্ব ঐতিহ্যের এই অংশকে আইএস জঙ্গিরা অবশ্যই ধ্বংস করবে বলে আশঙ্কা দেখা দিয়েছিল।

ইরাকেও বেশ কয়েকটি প্রাচীন নিদর্শন ধ্বংস করেছে আইএস জঙ্গিরা।

প্রায় দুইহাজার বছরের পুরনো বাল শামিন নামের এই মন্দিরটি জাতিসংঘ স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের অংশ ছিল।

দেশটির খ্যাতনামা একজন পুরাতত্ত্ববিদকে হত্যা করে ঝুলিয়ে রাখার কয়েক দিনের মধ্যেই এই অনুপম নিদর্শনটি ধ্বংস করা হলো।

শুধু সিরিয়ার জন্যই নয় পালমিরা পুরো মধ্যপ্রাচ্যের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন নিদর্শন।