২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে নিহত ৪ 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আকাশে দুটি ছোট বিমানের মধ্যে সংঘর্ষের পর বিমান দুটি বিধ্বস্ত হয়ে চার আরোহী নিহত হয়েছেন। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Aug 2015, 02:07 PM

Updated : 25 Apr 2022, 01:44 PM

রোববার সকাল ১১টার দিকে রাজ্যের সান ডিয়াগো শহরতলী থেকে ২৪ কিলোমিটার দক্ষিণপূর্বে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 
 
দমকল বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, সান ডিয়াগো কাউন্টির ব্রাউন ফিল্ড বিমানবন্দর থেকে তিন কিলোমিটার দূরে মধ্যাকাশে দুই ইঞ্জিনের এক সাব্রেলাইনার বিমানের সঙ্গে এক ইঞ্জিনের এক সেসনা বিমানের সংঘর্ষ হয়। 
 
বিমান বিধ্বস্তের স্থানে অন্ততপক্ষে চার আরোহীকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে ক্যালিফোর্নিয়া দমকলের মুখপাত্র নিক স্কুলার জানিয়েছেন। 
 
বিমানবন্দরের পশ্চিম দিকে একটি মাঠে বিমান দুটির ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়লে সেখানে আগুন ধরে যায়। দুই একর এলাকার ঝোপঝাড় পুড়ে যাওয়ার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানিয়েছেন স্কুলার। 
 
দুটি বিমানে মোট কতজন আরোহী ছিলেন তা শেষ খবর পাওয়া পর্যন্ত জানতে পারেনি কর্তৃপক্ষ। ঘটনাস্থলে আহত কাউকে পাওয়া যায়নি। তবে আগুনের তাপে দগ্ধ একজন দমকল কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
বিমানদুটি বিধ্বস্তের কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিমান কর্তৃপক্ষের (এফএএ) একজন মুখপাত্র।