গ্রিসে বেইলআউট অনুমোদন, দলে বিদ্রোহের মুখে সিপ্রাস
নতুন একটি বেইলআউট কর্মসূচি পার্লামেন্টের অনুমোদন লাভ করলেও নিজ দলের ভিতর থেকে এ পর্যন্ত সবচেয়ে বড় বিদ্রোহের মুখে পড়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন সিরিজা পার্টির নেতা অ্যালেক্সিস সিপ্রাস।
শুক্রবার গ্রিস পার্লামেন্টের ইউরোপন্থী বিরোধীদলগুলোর সদস্যদের সমর্থন নিয়ে সহজেই তৃতীয় বেইলআউট কর্মসূচির প্রস্তাব পাস করাতে সক্ষম হন সিপ্রাস।
কিন্তু নিজদলের আইনপ্রণেতারা আস্থা ভোটের জন্য সিপ্রাসের উপর চাপ তৈরি করেছেন। আস্থা ভোটের ফলাফল সিপ্রাসের বিপক্ষে গেলে গ্রিসে আগাম জাতীয় নির্বাচনের পরিস্থিতি তৈরি হতে পারে।
গ্রিসের পার্লামেন্টে বেইলআউট প্রস্তাব পাস হওয়ায় ইউরো জোনের অর্থমন্ত্রীদের ৮৬ বিলিয়ন ইউরোর আর্থিক সহায়তার প্রস্তাব অনুমোদন করার পথ পরিষ্কার হয়ে গেল। বিরূপ পরিস্থিতি সত্ত্বেও শুক্রবার সন্ধ্যায় বেইলআউট প্রস্তাবটি পাস হয়।
ভোটের সময় সিপ্রাসের সিরিজা পার্টির সদস্যদের একটি অংশের ক্ষোভ প্রকাশ্যে চলে আসে। বেইলআউটের প্রস্তাবে ব্যয় সংকোচন ও সংস্কারের যে সব প্রস্তাবে সিপ্রাস রাজি হয়েছেন তার তীব্র বিরোধিতা করেছেন তারা। ভোটাভুটির সময় সিরিজার ৪৩ জন সদস্য প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় বা অনুপস্থিত থাকেন।
অপ্রত্যাশিতভাবে বড় আকার ধারণ করা সিরিজার এই বিদ্রোহী অংশটিতে সাবেক অর্থমন্ত্রী ইয়ানিস ভারোউফাকিসও ছিলেন।
ঋণদাতা ইউরো জোন ও আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) থেকে নেওয়া বেইলআউট সহায়তাকে সমর্থন করে পার্লামেন্টকে সিপ্রাস বলেন, “আপস করার নিজ সিদ্ধান্তে আমি দুঃখিত নই। আত্মহত্যার পরিবর্তে বেঁচে থাকার দায় গ্রহণ করেছি আমরা।”
কিন্তু এই ভোটাভুটিতে ৩০০ আসনের পার্লামেন্টে সরকারের পক্ষে ক্ষমতায় থাকার জন্য ক্ষমতাসীন জোটের ১২০ সদস্যের সমর্থন পুরোপুরি নেই বলে প্রকাশ পায়। সরকারের ক্ষমতার বৈধতার জন্য পার্লামেন্টে এই পরিমাণ সদস্যের সমর্থন থাকা অপরিহার্য।
আস্থা ভোটে বিরোধীদলগুলো অনুপস্থিত থাকলে নিজ জোটের সদস্যদের অন্ততপক্ষে ১২০টি ভোট সরকারে টিকে থাকার জন্য প্রয়োজন। কিন্তু সিরিজার ৪৩ জন সদস্য সিপ্রাসের বিরোধিতা করায় সঙ্কটে আছে সরকার।
এই পরিস্থিতিতে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ২০ অগাস্ট ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকে গ্রিসের ঋণের একটি কিস্তি জমা দেওয়ার পর সিপ্রাস পার্লামেন্টে আস্থা ভোটের ডাক দেবেন বলে ধারণা করা হচ্ছে।
ওই ভোটে নিজদলের বিদ্রোহী সদস্যদের সমর্থন না পেলে সিপ্রাস সরকারের পতন হয়ে গ্রিসে হঠাৎ আগাম নির্বাচনের পরিস্থিতি তৈরি হতে পারে।
