২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় বিশ্বযুদ্ধ: দুঃখ প্রকাশ করলেন জাপান সম্রাট

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৭০ বছর পূর্তিতে যুদ্ধের সময় জাপানের আগ্রাসী ভুমিকার জন্য ‘ভুল স্বীকার করে গভীর দুঃখ’ প্রকাশ করেছেন দেশটির সম্রাট আকিহিতো।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Aug 2015, 01:43 PM

Updated : 25 Apr 2022, 01:44 PM

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয় স্বীকার করে নিঃশর্ত আর্ত্মসমর্পণের দিনটি উপলক্ষ্যে শনিবার এক স্মরণ অনুষ্ঠানে তিনি এই অনুভুতি প্রকাশ করেন। 
 
এরআগে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের ভুমিকার জন্য শুক্রবার ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। জাপানের পক্ষ থেকে নতুন করে তিনি ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থনা করেননি। বরং বলেছেন, অতীতের ভুলের জন্য পরবর্তী প্রজন্ম ক্ষমা প্রার্থনা করতেই থাকবে এমন হওয়া উচিত নয়।   

আর নিজের ভাষণে ৮১ বছর বয়সী আকিহিতো বলেন, “আমাদের অতীতে যুদ্ধের ভুলের জন্য মনের মধ্যে গভীর দুঃখ বয়ে বেড়াচ্ছি, আমি আন্তরিকভাবে আশা করছি আর কখনো যুদ্ধের ক্ষয়ক্ষতির পুনারাবৃত্তি হবে না।” 

৭০ বছর আগে ১৪ অগাস্ট দিনটিতে আকিহিতোর বাবা তৎকালীন সম্রাট হিরোহিতো জাপানের পরাজয় স্বীকার করে নিঃশর্ত আত্মসমর্পণ করেছিলেন।  

তিনি আরো বলেন, “আমাদের জনগণকে সাথে নিয়ে, ওই যুদ্ধের যুদ্ধক্ষেত্রে ও অন্যান্য স্থানে যারা প্রাণ হারিয়েছিলেন, তাদের জন্য আমার হৃদয় নিংড়ানো শ্রদ্ধা প্রকাশ করছি এবং বিশ্বশান্তি ও আমাদের দেশের ক্রমাগত উন্নতির জন্য প্রার্থনা করছি।”

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ঘটনার জন্য জাপানের সঙ্গে চীন ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক এখনও তিক্ত হয়ে আছে। ১৯৪৫ সালে জাপানের আত্মসমর্পণের আগ পর্যন্ত দেশদুটি নৃশংস দখলদারিত্ব ও উপনিবেশিক শাসনের শিকার হয়েছে। 

মৃদুভাষী আকিহিতো প্রায়ই জাপানকে যুদ্ধের শোচনীয় পরিণতি না ভোলার জন্য আহ্বান জানিয়ে থাকেন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অতীতের তিক্ততা ভুলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখার চেষ্টাও করেছেন তিনি।