২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আল কায়েদা নেতা নিহত’ 

সিরিয়ার তথাকথিত খোরাসান গোষ্ঠীর শীর্ষনেতা ও দীর্ঘদিন ধরে আল কায়েদার গোয়েন্দা হিসেবে কাজ করা মুহসিন আল ফাদলি যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Jul 2015, 02:25 PM

Updated : 25 Apr 2022, 01:38 PM

মঙ্গলবার পেন্টাগনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে খবরটি জানিয়েছেন মুখপাত্র নৌবাহিনীর ক্যাপ্টেন জেফ ডাভিস।
 
দুই সপ্তাহ আগে ৮ জুলাই সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে আলেপ্পোর পশ্চিমের সারমাদা এলাকায় গাড়ি দিয়ে যাওয়ার সময় বিমান হামলায় তিনি নিহত হন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।  
 
“তিনি আল কায়েদার জ্যেষ্ঠ নেতা ছিলেন। যে কয়জন বিশ্বস্ত আল কায়েদা নেতা ১১ সেপ্টেম্বর ২০০১-এর হামলার বিষয়ে আগে থেকেই জানতেন, তিনি তাদের মধ্যে অন্যতম,” বলেন ডাভিস। 
 
২০০২-র অক্টোবরে কুয়েতের ফাইলাকা দ্বীপে যুক্তরাষ্ট্র মেরিনের একটি জাহাজ ও ফরাসি জাহাজ এমভি লিমবার্গে চালানো হামলায় ফাদলি জড়িত ছিলেন বলে জানিয়েছেন তিনি। 
 
“আল কায়েদার অভিজ্ঞ গোয়েন্দাদের একটি নেটওয়ার্কের নেতা ছিলেন তিনি। এই নেটওয়ার্কটিকে কখনো কখনো খোরাসান গ্রুপও বলা হয়। এই গোষ্ঠীটি বিশ্বের বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্র, তার মিত্র ও তার অংশীদারদের ওপর হামলার পরিকল্পনা করে থাকে,” বলেন পেন্টাগনের মুখপাত্র। 
 
আফগানিস্তান ও পাকিস্তানের একটি এলাকার নাম খোরাসান। এখানে আল কায়েদা নেতৃত্বের মূল অংশটি লুকিয়ে আছেন বলে ধারণা করা হয়। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর গোষ্ঠীটির জঙ্গিরা সেখানে চলে যান। এরা সিরিয়ার নুসরা ফ্রন্টকে সহায়তা করছেন বলে ধারণা করা হয়।
 
এর আগে ২০১৪ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের এক হামলায় কুয়েতে জন্মগ্রহণকারী ফাদলি নিহত হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়েছিল। তবে পেন্টাগন ও হোয়াইট হাউস তখন তা নিশ্চিত করেনি।