আরবে রোজা শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি, বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা
সৌর মাসের চেয়ে চন্দ্র মাসের ব্যাপ্তি কম হওয়ায় গ্রেগরিয়ান বর্ষপঞ্জির হিসাবে প্রতি বছর রোজা ১০ থেকে ১১ দিনের মত এগিয়ে আসে।
অধিকাংশ আরব দেশে আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রমজান মাস শুরুর আভাস দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
যদিও রোজা শুরু হবে চাঁদ দেখার ভিত্তিতে, যেটা নিশ্চিত হওয়া যাবে শাবান মাসের ২৯ তারিখ পর্যবেক্ষণ করার পর।
প্রতিটি দেশের ধর্ম মন্ত্রণালয় ও চাঁদ দেখা কমিটি নিজস্ব পদ্ধতি অবলম্বন করে রোজা শুরুর ঘোষণা দিয়ে থাকে।
ইসলামিক বর্ষপঞ্জির হিসাব হয় চাঁদের চক্র অনুসরণ করে, যেখানে প্রতি মাসের গণনা শুরু হয় চাঁদ দেখার ভিত্তিতে।
গালফ নিউজ বলছে, সৌর মাসের চেয়ে চন্দ্র মাসের ব্যাপ্তি কম হওয়ায় গ্রেগরিয়ান বর্ষপঞ্জির হিসাবে প্রতিবছর রোজা ১০ থেকে ১১ দিনের মত এগিয়ে আসে।
সেই হিসাবে ৩৩ বছরের একটি চক্রে সব মাসেই রোজা রাখার সুযোগ মেলে মুসলমানদের।
