২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইতিতে শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতা ১,০০০% বেড়েছে: জাতিসংঘ

হাইতিতে কয়েকবছর ধরেই সহিংস অপরাধী চক্রের দাপট বেড়েছে। তারা মানুষের সঙ্গে নির্মম আচরণ করে আসছে।

হাইতিতে শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতা ১,০০০% বেড়েছে: জাতিসংঘ
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2025, 10:47 PM

Updated : 10 Sep 2026, 12:32 PM

সহিংসতা-বিক্ষুব্ধ হাইতিতে শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতা গত দু’বছরে ১০ গুণ বেড়ে গেছে।  জাতিসংঘের  শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ শুক্রবার সতর্ক করে দিয়ে একথা জানিয়েছে।

রাজধানীর বেশিরভাগই দখল করে রাখা গ্যাংগুলো (অপরাধী চক্র) নিজেদের দলে শিশু নিয়োগ বাড়ানোয় তাদের ওপর বেশিমাত্রায় এই সহিংসতা হচ্ছে।

হাইতিতে কয়েকবছর ধরেই সহিংস অপরাধী চক্রের দাপট বেড়েছে। তারা মানুষের সঙ্গে অত্যন্ত নির্মম আচরণ করে আসছে।

ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার বলেন, শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতা ২০২৩ সাল থেকে গতবছর পর্যন্ত এক হাজার শতাংশ (১০ গুণ) বেড়ে গেছে।

ইউনিসেফের হিসাবমতে, হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের ৮৫ শতাংশই এখন অপরাধী চক্রের কবলে। ১০ লাখের বেশি শিশু সেখানে অবিরাম সহিংসতার হুমকির মুখে বাস করছে।

ইউনিসেফের মুখপাত্র এলডার হাইতিতে শিশুদের ওপর যৌন সহিংসতার একটি ঘটনার উদাহরণ দিয়েছেন। তিনি জানান, ১৬ বছরের এক কিশোরী বাড়ি থেকে বেরিয়ে দোকানে গেলে সশস্ত্র ব্যক্তিরা তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে মারধর করে, মাদক খাইয়ে বার বার ধর্ষণ করা হয়।

মেয়েটিকে এক মাস আটকে রাখা হয়েছিল। মেয়েটির পরিবারের মুক্তিপণ দেওয়ার সামর্থ্য নেই জানতে পারার পর তাকে ছেড়ে দেয় গ্যাং সদস্যরা। হাইতিতে চাঁদাবাজির জন্য অপহরণ সাধারণ ঘটনা।

অপহরণের শিকার হওয়া ওই কিশোরীকে এখন জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। সেখানে অন্যান্য মেয়েদের সঙ্গে তারও যত্ন নেওয়া হচ্ছে বলে জানান এলডার।

অপরাধী চক্রের কবলে থাকার কারণে হাইতির রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রায় পুরোপুরিই ভেঙে পড়েছে। স্বাস্থ্যসেবাও ভেঙে পড়েছে এবং খাদ্য নিরাপত্তায় সংকটাপন্ন পরিস্থিতি বিরাজ করছে।

হাইতিতে কেবল গতবছরেই অপরাধী চক্রগুলোর সহিংসতায় ৫, ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

সূত্র: বিবিসি