Published : 31 Mar 2026, 12:49 AM
ইরানে হামলায় জড়িত যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলোর জন্য স্পেন নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস মাদ্রিদে সাংবাদিকদের একথা বলেছেন।
পাশাপাশি যৌথভাবে পরিচালিত সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতিও অস্বীকার করেছেন তিনি। রোব্লেস বলেন, “ইরান যুদ্ধ সংক্রান্ত কোনও কর্মকাণ্ডে আমরা মোরোন ও রোটা (সামরিক ঘাঁটি) ব্যবহারের অনুমতি দেই না।”
স্পেনের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেছেন, “যুদ্ধ আরও বেড়ে যায় এমন কোনও কিছু না করার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
স্পেনের সংবাদপত্র এল পাইসের প্রতিবেদনে বলা হয়েছে, আকাশসীমা নিষিদ্ধ হওয়ার ফলে মধ্যপ্রাচ্যে কোনও লক্ষ্যবস্তুর দিকে যাওয়ার পথে মার্কিন সামরিক বিমানগুলোকে নেটো সদস্য দেশ স্পেন এড়িয়ে অন্য রুট নিতে হবে।
তবে কোনও জরুরি পরিস্থিতিতে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেন, স্পেন সরকার এই নিষেধাজ্ঞার পদক্ষেপ আগের সিদ্ধান্তের অংশ হিসাবেই নিয়েছে। আর তা হল, “একতরফাভাবে শুরু হওয়া এবং আন্তর্জাতিক আইন-বিরোধী যুদ্ধে অংশ না নেওয়া কিংবা সমর্থন না করা।”
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের সবচেয়ে কড়া সমালোচকদের মধ্যে অন্যতম স্পেনের প্রধানমন্ত্রীা পেদ্রো সানচেজ। তিনি এ অভিযানকে বেপরোয়া ও অবৈধ বলে সমালোচনা করেছেন।
ওদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প স্পেনের সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে দেশটির সঙ্গে বাণিজ্য বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন।
অন্যদিকে, হোয়াইট হাউজের এক কর্মকর্তা বিবিসি-কে বলেছেন, “যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে অপারেশন এপিক ফিউরির সব লক্ষ্য পূরণ করছে কিংবা ছাড়িয়ে যাচ্ছে। ফলে তাদের স্পেন বা অন্য কারও কাছ থেকে সাহায্য দরকার নেই।”
ইরান যুদ্ধের বিরোধিতা করার জন্য ট্রাম্প এর আগেও স্পেনের ওপর পূর্ণ বাণিজ্য অবরোধ আরোপের হুমকি দিয়েছিলেন।