Published : 20 Aug 2025, 09:04 PM
মস্কোকে ছাড়া ইউক্রেইনের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের মীমাংসার চেষ্টা ‘কোনো ফল হবে না’ বলে জানিয়েছে রাশিয়া।
কিইভের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে পশ্চিমা দেশগুলোর দৌড়ঝাঁপের মধ্যে তাদের এ অবস্থান নতুন সতর্কবার্তা নিয়ে হাজির হয়েছে, বলছে বার্তা সংস্থা রয়টার্স।
বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একত্রে বৈঠকে বসা ইউরোপীয় নেতাদের সমালোচনা করতে গিয়ে এ কথা বলেন।
সাড়ে তিন বছর ধরে চলা যুদ্ধের অবসানে ইউক্রেইনের জন্য নিরাপত্তা নিশ্চয়তার ব্যবস্থা করতে ওই ইউরোপীয় নেতারা সোমবার হোয়াইট হাউজে বসেছিলেন।
২০২২ সালে ইস্তাম্বুলে বিবদমান দুই পক্ষের মধ্যে আলোচনায় নিরাপত্তা নিশ্চয়তার যে মডেল নিয়ে কথা হয়েছে, তার দিকে ইঙ্গিত করে ল্যাভরভ বলছেন, রাশিয়া ইউক্রেইনের জন্য ‘প্রকৃত বিশ্বাসযোগ্য’ নিরাপত্তা নিশ্চয়তার পক্ষেই ছিল।
ওই প্রস্তাবে কিইভের পক্ষে যে কোনো সামরিক প্রতিক্রিয়ায় রাশিয়ার একধরনের ভিটো দেওয়ার ক্ষমতা রাখা হয়েছিল। কিইভ সেসময় প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিল।
“এখন রাশিয়াকে ছাড়া নিরাপত্তা, সম্মিলিত নিরাপত্তা নিয়ে প্রশ্নের সমাধানের যে প্রস্তাব করা হচ্ছে, তার সঙ্গে আমরা একমত হতে পারছি না। এটা কাজ করবে না।
“আমি নিশ্চিত, পশ্চিমা দেশগুলো এবং সবার উপরে যুক্তরাষ্ট্র এটা ভালোমতো বুঝতে পারবে যে, রাশিয়ান ফেডারেশনকে ছাড়া নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা আদতে ইউটোপিয়া, এটা কোনো গন্তব্যেই পৌঁছাবে না,” জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন ল্যাভরভ।
ইউক্রেইন এবং ইউরোপের নিরাপত্তা উদ্বেগ সংক্রান্ত যেসব প্রশ্ন উঠেছে সেগুলো নিয়ে মস্কোর সঙ্গে সরাসরি আলোচনায় বসতে ইউরোপীয় দেশগুলোর প্রতি বারবারই আহ্বান জানিয়েছে রাশিয়া। ইউরোপ এখন পর্যন্ত তাতে ‘গা করছে না’ বলে অভিযোগ ক্রেমলিনের।
ইউক্রেইনের নেটো সেনা মোতায়েনের ‘যে কোনো দৃশ্যপটকেও’ কার্যত খারিজ করে দিয়েছে মস্কো। কয়েকদিন আগেও ফের একই কথা বলেছে তারা।
আরও পড়ুন:
জেলেনস্কির সঙ্গে বৈঠকের প্রস্তাবকে গুরুত্ব দিচ্ছে না ক্রেমলিন
ইউক্রেইনের জন্য নিরাপত্তা নিশ্চয়তার পরিকল্পনা হবে ১০ দিনের মধ্যে: জেলেনস্কি