২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র মনে করে তাদের ক্ষমতা আন্তর্জাতিক আইনের চেয়েও গুরুত্বপূর্ণ: জাতিসংঘ

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার মধ্য দিয়ে দেশটির প্রেসিডেন্ট আটক হওয়া এবং মার্কিন প্রেসিডেন্টের গ্রিনল্যান্ড দখলের হুমকির প্রেক্ষপটে জাতিসংঘ মহাসচিব এই মন্তব্য করেছেন।

যুক্তরাষ্ট্র মনে করে তাদের ক্ষমতা আন্তর্জাতিক আইনের চেয়েও গুরুত্বপূর্ণ: জাতিসংঘ
বিবিসি-তে কথা বলছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ছবি: জাতিসংঘ/বিবিসি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2026, 07:15 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

যুক্তরাষ্ট্র দায়মুক্তির মনোভাব নিয়ে আচরণ করছে এবং তারা আন্তর্জাতিক আইনের চেয়ে নিজেদের ক্ষমতাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করে। বিবিসি রেডিও ফোর টুডে’র প্রোগ্রামে এমন কথাই বলেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

তিনি বলেন, ওয়াশিংটনের ‘স্পষ্ট বিশ্বাস’ হচ্ছে এই যে, সমস্যার বহুপক্ষীয় সমাধান অবান্তর। যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হল যুক্তরাষ্ট্রের প্রভাব ও ক্ষমতা প্রয়োগ। এক্ষেত্রে আন্তর্জাতিক আইন অনুযায়ী যুক্তরাষ্ট্র কাজ করে খুবই কমই।

কয়েকসপ্তাহ আগে ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর হামলার মধ্য দিয়ে দেশটির প্রেসিডেন্ট আটক হওয়া এবং সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির প্রেক্ষপটে জাতিসংঘ মহাসচিব এই মন্তব্য করলেন।

গুতেরেস বলেন, তিনি মনে করেন, জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন নীতিমালা বর্তমানে হুমকির মুখে রয়েছে। এর মধ্যে আছে  সদস্যরাষ্ট্রগুলোর সমতার নীতিও।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প অতীতেও জাতিসংঘের কড়া সমালোচনা করেছেন। গত বছর সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি সংস্থাটির অস্তিত্বের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। 

ট্রাম্প তখন বলেছিলেন, তিনি নিজে “কখনওই শেষ না হওয়া সাতটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন”, যেখানে জাতিসংঘ “এর কোনওটিই অবসানে এমনকি সহায়তা করারও চেষ্টা করেনি।”

ট্রাম্প আরও বলেন, “পরে আমি বুঝেছি, আমাদের পাশে দাঁড়ানোর জন্য জাতিসংঘ সেখানে ছিল না।”

ট্রাম্পের এমন সমালোচনার মুখে মহাসচিব গুতেরেস স্বীকার করেন যে, জাতিসংঘ তাদের সনদে বর্ণিত আন্তর্জাতিক আইন সদস্যরাষ্ট্রগুলোকে মেনে চলতে বাধ্য করতে হিমশিম খাচ্ছে। 

তিনি জোর দিয়ে বলেন, বিশ্বের  বড় বড় সংঘাত সমাধানে জাতিসংঘ অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে। তবে তিনি স্বীকার করেন, জাতিসংঘের প্রভাব খাটানোর কোনও ক্ষমতা নেই; এই ক্ষমতা বড় শক্তির দেশগুলোর হাতেই বেশি।

গুতেরেস প্রশ্ন তোলেন, সেই অতিরিক্ত প্রভাব কি সত্যিকারের ও টেকসই সমাধান আনতে ব্যবহার হচ্ছে, নাকি কেবল চটজলদি সমস্যা সমাধানেই সীমাবদ্ধ থাকছে? এই দুইয়ের মধ্যে বড় পার্থক্য রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, জাতিসংঘের সংস্কার প্রয়োজন, যাতে ১৯৩টি সদস্য দেশের সামনে থাকা গুরুতর সব সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়। গুতেরেস জানান, অনেকে মনে করে আইনের শক্তির জায়গায় ক্ষমতার আইন বসানো উচিত।

গুতেরেস বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য গঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এখন আর বিশ্বের প্রতিনিধিত্ব করে না এবং তা অকার্যকর হয়ে পড়েছে।

নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য ফ্রান্স, চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র -এর যে কোনও এক সদস্য বর্তমানে প্রস্তাবে ভিটো দিতে পারে। রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয়েই এ ক্ষমতা ব্যবহার করে ইউক্রেইন ও গাজা যুদ্ধ বন্ধের আন্তর্জাতিক প্রচেষ্টায় বাধ সাধছে।

অভিযোগ করে গুতেরেস বলেন, ভেটো ক্ষমতা সদস্য রাষ্ট্রগুলোর নিজেদের স্বার্থ এগিয়ে নিতে ব্যবহার করা হচ্ছে। তিনি সমালোচনা করে বলেন, নিরাপত্তা পরিষদে তিনটি ইউরোপীয় দেশ স্থায়ী সদস্য হিসেবে রয়েছে। 

তিনি নিরাপত্তা পরিষদের গঠন পরিবর্তনের আহ্বান জানান। তার কথায়, এতে পরিষদ ‘আবার বৈধতা ফিরে পাবে’ এবং ‘পুরো বিশ্বের কণ্ঠস্বর শোনা যাবে।’ পাশাপাশি তিনি ভিটো ক্ষমতা সীমিত করার কথাও বলেন, যাতে অগ্রহণযোগ্য ‘অচলাবস্থা’ এড়ানো যায়।

পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুতেরেস ২০১৭ সালে জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব নেন। তিনি এ বছরের শেষ দিকে এ পদ ছাড়বেন।

সাধারণ পরিষদে দেওয়া বার্ষিক ভাষণে গুতেরেস বিশ্ব পরিস্থিতিকে বর্ণনা করেছেন ‘সংঘাত, দায়মুক্তি, বৈষম্য ও অনিশ্চয়তায় ভরা এক বিশৃঙ্খল বিশ্ব’ হিসাবে। 

তিনি বলেন, ‘আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন’ বিশ্ব ব্যবস্থার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি।