১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মার্কিন সামরিক বাহিনীর আরও ১০০ সদস্য নাইজেরিয়ায়

নাইজেরিয়ার এক সামরিক মুখপাত্র জানিয়েছেন, মার্কিন সেনারা স্থানীয় বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেবে কিন্তু জঙ্গিবিরোধী লড়াইয়ে অংশ নেবে না।

মার্কিন সামরিক বাহিনীর আরও ১০০ সদস্য নাইজেরিয়ায়
নাইজেরিয়ার এক সামরিক ঘাঁটিতে দেশটির সেনাদের প্রশিক্ষণ দিচ্ছেন এক মার্কিন সেনা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2026, 11:41 AM

Updated : 26 Aug 2026, 02:58 PM

মার্কিন সামরিক বাহিনীর আরও প্রায় ১০০ সদস্য ইসলামপন্থি বিদ্রোহীদের দমন করার অভিযানে যোগ দিতে নাইজেরিয়ায় হাজির হয়েছেন।

নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এমনটি জানিয়েছেন বলে খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নাইজেরিয়াকে অভিযুক্ত করে বলেছেন, দেশটি তাদের উত্তরপূর্বাঞ্চলের খ্রীস্টান অধিবাসীদের ইসলামপন্থি জঙ্গিদের থেকে সুরক্ষা দিতে পারছে না।   

নাইজেরিয়া কোনো ধর্মের বিরুদ্ধে বৈষম্য করার অভিযোগ প্রত্যাখ্যান করে এর প্রতিবাদ জানিয়েছে। দেশটির দাবি, তাদের নিরাপত্তা বাহিনী মুসলিম ও খ্রীস্টান, উভয়ের উপর হামলাকারী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তৎপরতা চালিয়ে আসছে।

ডিসেম্বরে নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর মার্কিন সামরিক বাহিনীর ছোট একটি দল নাইজেরিয়ার গোয়েন্দা সক্ষমতা বাড়াতে দেশটিতে কার্যক্রম শুরু করে।

রয়টার্সের যাচাই করা ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, সম্প্রতি মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম নিয়ে বেশ কয়েকটি বিমান নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে গিয়েছে।  

নাইজেরিয়ার প্রতিরক্ষা সদর দপ্তরের মুখপাত্র মেজর জেনারেল সামাইলা উবা জানিয়েছেন, মার্কিন সেনারা স্থানীয় বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেবে কিন্তু জঙ্গিবিরোধী লড়াইয়ে অংশ নেবে না।

চলতি মাসে এর আগে নাইজেরিয়ার সামরিক বাহিনী জানিয়েছিল, প্রায় ২০০ জনের মতো মার্কিন সেনা আসবে বলে প্রত্যাশা করছে তারা।

দেশটির প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র সানডে ডেয়ার জানিয়েছেন, নাইজেরিয়ার যুদ্ধবিমান ও যুদ্ধাস্ত্রের ক্ষেত্রে ‘মার্কিন সরকারের ব্যাপক সমর্থন’ দরকার।

কিন্তু দেশটিতে কতোজন মার্কিন সেনা আছেন বা তারা কতো সময় ধরে সেখানে থাকবেন, এসব জানাতে রাজি হননি তিনি।

নাইজেরিয়ার জনসংখ্যা প্রায় ২৪ কোটি। এর প্রায় অর্ধেক খ্রীস্টান ও অর্ধেক মুসলিম। দেশটির দক্ষিণাঞ্চল খ্রীস্টান ও উত্তরাঞ্চল মুসলিম প্রধান।