১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৬, ছত্রীসেনা নামিয়ে অভিযানের চেষ্টা

রাতে ইসরায়েলি হেলিকপ্টারগুলো লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকার নবী চিত শহরে ছত্রীসেনা নামিয়ে স্থল অভিযানের চেষ্টা করেছিল।

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৬, ছত্রীসেনা নামিয়ে অভিযানের চেষ্টা
লেবাননের নবী চিত শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছেন স্থানীয় বাসিন্দারা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2026, 07:24 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

লেবাননের পূর্বাঞ্চলীয় এক শহরে ছত্রীসেনা নামিয়ে অভিযানের চেষ্টা করেছিল ইসরায়েলের সামরিক বাহিনী, কিন্তু স্থানীয় বাসিন্দা ও হিজবুল্লাহর যোদ্ধাদের প্রতিরোধের মুখে সেটি ব্যর্থ হয়। এ সময় ওই এলাকায় ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত হন। 

আগের রাতে এসব ঘটনা ঘটেছে বলে লেবাননের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ও স্থানীয় বাসিন্দারা শনিবার জানিয়েছেন। 

ইরানে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া যুদ্ধে লেবাননকে জড়িয়ে ফেলেছে হিজবুল্লাহ। গত সোমবার ইরান সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালায়, এর প্রতিক্রিয়ায় লেবাননের দক্ষিণ, পূর্বাঞ্চল ও রাজধানী বৈরুতের কাছে ব্যাপক বোমাবর্ষণ করে ইসরায়েল। 

লেবাননের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ও বাসিন্দারা জানান, রাতে ইসরায়েলি হেলিকপ্টারগুলো লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকার নবী চিত শহরে ছত্রীসেনা নামায়। নেমে আসা ছত্রীসেনারা এগোনোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা ও হিজবুল্লাহর যোদ্ধারা তাদের লক্ষ্য ওপর গুলিবর্ষণ করে। এ পরিস্থিতিতে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হয় ও তারা হেলিকপ্টার যোগে এলাকা ত্যাগ করে।

এর পরই নবী চিত ও এর আশপাশের শহরগুলোতে ব্যাপক বোমাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নবী চিতে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৬ জন নিহত হয়েছেন। মন্ত্রণালয়টির এক মুখপাত্র রয়টার্সকে জানান, এদের মধ্যে শুক্রবার দিনভর চালানো হামলা ও এরপর রাতে চালানো তীব্র হামলায় নিহতরা রয়েছেন আর মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। 

নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, নিহতদের মধ্যে লেবানন সেনাবাহিনীর তিনজন সেনা রয়েছেন। 

এসব ঘটনার বিষয়ে রয়টার্সের জিজ্ঞেস করা প্রশ্নে ইসরায়েলের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি। 

গত কয়েকদিনে লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী লেবাননের বিভিন্ন অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়ে সর্তক করার পর প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বাস্তুচ্যুত এসব মানুষদের মধ্যে মাত্র এক তৃতীয়াংশ সরকারি আশ্রয়কেন্দ্রগুলোতে ঠাঁই পেয়েছেন।