১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে সেনা সরিয়ে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা

২০২৬ সালের মধ্যেই সেনা প্রত্যাহার হবে, এ সিদ্ধান্ত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে জানানো হয়েছে।

কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে সেনা সরিয়ে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা
গণপ্রজাতন্ত্রী কঙ্গোর গোমা শহরের একটি ব্যস্ত সড়ক। ফাইল ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2026, 05:11 PM

Updated : 26 Aug 2026, 02:54 PM

দক্ষিণ আফ্রিকা গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে সৈন্য প্রত্যাহার করে নিচ্ছে বলে জানিয়েছে প্রেসিডেন্ট সিরিল রামাফোসার কার্যালয়। 

শনিবার রাতে দেওয়া বিবৃতিতে তারা বলেছে, দক্ষিণ আফ্রিকার সশস্ত্র বাহিনীর সম্পদ ‘পুনর্বিন্যাসের’ প্রয়োজনীয়তা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রেসিডেন্ট রামাফোসা দক্ষিণ আফ্রিকার সিদ্ধান্তের বিষয়টি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে জানিয়েও দিয়েছেন।

কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে দক্ষিণ আফ্রিকা ২৭ বছর ধরে সহায়তা করে আসছে, দেশটিতে এখনও তাদের সাত শতাধিক সেনা রয়েছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।   

ডিসেম্বরে মেয়াদ বাড়ানোর সময়ও কঙ্গোর জাতিসংঘ মিশনে প্রায় ১১ হাজার সেনা ও পুলিশ মোতায়েন ছিল। 

কঙ্গোর অস্থির পূর্বাঞ্চলে সক্রিয় অনেক বিদ্রোহ গোষ্ঠীকে মোকাবেলা করাই জাতিসংঘের এ মিশনের দায়িত্ব। কয়েক দশক ধরে সংঘাতপূর্ণ ওই অঞ্চলে সাম্প্রতিক সময়ে লড়াইয়ের তীব্রতা আরও বেড়েছে। 

“সেনা প্রত্যাহারের সময়সীমা ও অন্যান্য প্রক্রিয়া চূড়ান্ত করতে জাতিসংঘের সঙ্গে যৌথভাবে কাজ করবে, সেনা প্রত্যাহার ২০২৬ সাল শেষ হওয়ার আগেই হয়ে যাবে,” বলা হয়েছে রাফামোসার কার্যালয়ের বিবৃতিতে। 

দক্ষিণ আফ্রিকা কঙ্গোর সরকারের সঙ্গে ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখবে এবং কঙ্গোতে দীর্ঘস্থায়ী শান্তি আনতে বহুপাক্ষিক অন্যান্য উদ্যোগেও সহায়তা করবে, বলেছে তারা।