১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভারতে চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে তরুণদের বিধানসভা অভিমুখে পদযাত্রা

ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা এগোতে চাইলে পুলিশ বাধা দেয়, লাঠিচার্জ করে ও জলকামান থেকে পানি ছোড়ে।

ভারতে চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে তরুণদের বিধানসভা অভিমুখে পদযাত্রা
ট্রেন, বাসসহ বিভিন্ন যানবাহনে চড়ে ঝাড়খণ্ডের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার শিক্ষার্থী রাঁচিতে জড়ো হয়েছিলেন। ছবি: এএনআই

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2026, 05:40 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

ভারতের ঝাড়খণ্ডে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগে চাকরিপ্রার্থী তরুণরা বিধানসভা অভিমুখী মিছিল করেছে। 

ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) ও স্টাফ সিলেকশন কমিশনের (জেএসএসসি) পরীক্ষার সংস্কারের দাবিতে সোমবার হাজার হাজার শিক্ষার্থী রাজ্যের বিধানসভা অভিমুখে রওনা হন। 

রাজ্যের রাজধানী রাঁচিতে ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা এগোতে চাইলে পুলিশ বাধা দেয়, লাঠিচার্জ করে ও জলকামান থেকে পানি ছোড়ে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের কারণে ক্যারিয়ার অনিশ্চয়তায় পড়ার প্রতিবাদে গত ২৫ জুলাই শুরু হওয়া তরুণদের আন্দোলন সোমবার ১৬তম দিনে গড়ায়। 

এদিন সকালে ট্রেন, বাসসহ বিভিন্ন যানবাহনে চড়ে রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার শিক্ষার্থী রাঁচিতে জড়ো হন। 

অনশনরত ছাত্রনেতা দেবেন্দ্র মাহতো আগেই আন্দোলনকারীদের পুলিশের সঙ্গে তর্কে না জড়িয়ে সুশৃঙ্খলভাবে বিধানসভায় যাওয়ার আহ্বান জানিয়েছিলেন।

তবে জাতীয় পতাকা ও প্ল্যাকার্ড হাতে হাজার হাজার শিক্ষার্থী বিধানসভা ঘেরাও করতে এগোলে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ বাধা দেয়। শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে এগোতে গেলে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও তীব্র বেগে জলকামান ব্যবহার করা হয়। 

জলকামানের তোড়ের সামনেও অনেক শিক্ষার্থীকে পাটনার নিট আন্দোলনের মতো নাচতে দেখা গেছে বলে লিখেছে এনডিটিভি। 

একজন শিক্ষার্থী এনডিটিভিকে বলেন, “সরকারের উচিত আমাদের কথা শোনা আর জবাব দেওয়া।”

বিক্ষোভকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঁচিজুড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এবং সেখানকার বেশিরভাগ স্কুল বন্ধ ঘোষণা করা হয়। 

শিক্ষার্থীদের রাজধানীমুখী হওয়া ঠেকাতে মহাসড়ক ও শহরের প্রান্তে বাস ও ব্যক্তিগত যানবাহনে তল্লাশি চালায় পুলিশ।

শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের প্রধান দাবির মধ্যে রয়েছে, পুরো নিয়োগ পরীক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, অনিয়মের অভিযোগে ১৩টি পরীক্ষা বাতিল এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) দিয়ে জালিয়াতির ঘটনার তদন্ত।

রোববার রাজ্য সরকারের নিয়োগ করা প্যানেলের সঙ্গে শিক্ষার্থীদের ষষ্ঠ দফার আলোচনাও ব্যর্থ হয়। 

শিক্ষার্থী সংগঠন 'জেপিএসসি-জেএসএসসি রিফর্মস মঞ্চ'-এর নেতা রবীন্দ্র পাসওয়ান জানান, তারা ১৩টি পরীক্ষা বাতিলের দাবি জানালেও সরকার মাত্র ৩টি পরীক্ষা বাতিল করতে রাজি হয়েছে। 

তারা সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছেন। দাবির পক্ষে দেবেন্দ্র মাহতোসহ ছয়জন বিক্ষোভকারী অনশন চালিয়ে যাচ্ছেন।

ঝাড়খণ্ডের রাজ্য সরকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার বিরোধী একটি আঞ্চলিক দলের নেতৃত্বাধীন। 

মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন লাঠিপেটার বদলে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা উল্লেখ করে আন্দোলনকারীদের আশ্বস্ত করেছেন, অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

রাজ্য সরকার দাবি করেছে, তারা শিক্ষার্থীদের ৯৮ শতাংশ দাবি মেনে নিয়েছে। এদিকে, শিক্ষার্থীদের এই আন্দোলনের মধ্যেই মুখ্যমন্ত্রী সোরেনের বাসভবনের বাইরে বিক্ষোভ করেছেন বিজেপি নেতারা।

অন্যদিকে সিআইডির তলব পাওয়ার পর রোববার জেপিএসসি-র তিন সদস্য পদত্যাগ করেছেন। এর আগে গত ২২ জুলাই সংস্থাটির চেয়ারম্যান এল খিয়াংতেও পদত্যাগ করেন।

ভারতে চিকিৎসাবিদ্যায় ভর্তি পরীক্ষা 'নিট'-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত মাসে দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। 

এরপর ঝাড়খণ্ডেও এ ধরনের বড় আন্দোলন দানা বাঁধল। শিক্ষাখাতে দুর্নীতি, বেকারত্ব ও সুযোগের অভাব নিয়ে দেশটির তরুণদের ক্ষোভের চিত্রই এই বিক্ষোভে ফুটে উঠছে।