Published : 08 Feb 2025, 04:22 PM
রাশিয়ার পশ্চিমের কুর্স্ক অঞ্চলের যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ার সেনাদের ফের দেখা যাচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ব্যাপক প্রাণহানির পর গত মাসে কোরীয় সেনাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয় বলে খবর বেরিয়েছিল।
শুক্রবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়ার সেনারা উত্তর কোরিয়ার সেনাদের ফিরিয়ে এনেছে, তারা নতুন আক্রমণ চালাচ্ছে।
সেখানে এরই মধ্যে হাজারো রুশ ও কোরীয় সেনা ‘নিশ্চিহ্নও করে দেওয়া হয়েছে’, ইউক্রেইনের প্রেসিডেন্ট এমনটাই বলেছেন বলে জানিয়েছে বিবিসি।
কুর্স্কের কিছু অংশ এখনও ইউক্রেইনের সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে।
জানুয়ারিতে পশ্চিমা কর্মকর্তারা বিবিসিকে বলেছিলেন, উত্তর কোরিয়া থেকে কুর্স্কে ১১ হাজার সেনা পাঠানো হয়েছে, তার মধ্যে তিন মাসেই অন্তত এক হাজার মারা পড়েছে বলে তাদের বিশ্বাস।
এ প্রসঙ্গে উত্তর কোরিয়া ও রাশিয়া কোনো মন্তব্য করেনি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেইনে সাঁড়াশি আক্রমণে নামেন। তিন বছরের যুদ্ধে দুই পক্ষেই ব্যাপক প্রাণহানি হয়েছে।
কয়েকদিন আগে কুর্স্কে লড়াইরত ইউক্রেইনের বিশেষ বাহিনীর সেনারা তিন সপ্তাহ ধরে ইউক্রেইনের সেনাদের দেখা যাচ্ছে না বিবিসিকে জানিয়েছিল।
যুদ্ধে ব্যাপক প্রাণহানির কারণে সম্ভবত তাদের সরিয়ে নেওয়া হয়েছে মন্তব্য করে বাহিনীর এক মুখপাত্র বলেছিলেন, তার বাহিনীর সেনারা যে যে এলাকায় যুদ্ধ করছে সেখানে তারা কোরীয় সেনাদের দেখছেন না, তবে অন্য এলাকার কথা তারা বলতে পারছেন না।
কুর্স্কের যুদ্ধক্ষেত্রে উত্তর কোরীয় সেনারা ড্রোনসহ অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের আক্রমণের মুখে অপ্রস্তুত অবস্থায় পড়েছিল বলে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্যের বরাত দিয়ে সম্প্রতি একাধিক প্রতিবেদনে দাবিও করা হয়েছে।
দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘অনন্য উচ্চতায়’ তুলতে পুতিন ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর কুর্স্কের যুদ্ধক্ষেত্রে সৈন্য পাঠায় পিয়ংইয়ং।
রাশিয়া তার প্রতিবেশী এই দেশটির গোলাবারুদ ও নানান যুদ্ধাস্ত্র ব্যবহার করছে বলেও ইউক্রেইন ও তাদের পশ্চিমা মিত্ররা দাবি করে আসছে।
ছয় মাস আগে বিদ্যুৎগতির এক অভিযানে কুর্স্কের এক হাজার কিলোমিটারের বেশি এলাকা দখলে নিয়েছিল জেলেনস্কির বাহিনী।
এরপর পাল্টা আক্রমণে রাশিয়া সিংহভাগ অঞ্চল পুনর্দখল করেছে।
শুক্রবার জেলেনস্কি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ইউক্রেইন বৃহস্পতিবার কুর্স্কে নতুন অভিযানে নেমে আড়াই কিলোমিটার এলাকা দখলে নিয়েছে।
অন্যদিকে রুশ বাহিনী বলছে, তারা ইউক্রেইনের ওই আক্রমণ প্রতিহত করেছে।