২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নাইজেরিয়ায় ডাকাতদলের হামলায় ১২ বনরক্ষী নিহত

হামলায় জড়িতদের খোঁজে নিরাপত্তা বাহিনী ও বনরক্ষীরা যৌথ অভিযানে নেমেছে।

নাইজেরিয়ায় ডাকাতদলের হামলায় ১২ বনরক্ষী নিহত
প্রতিনিধিত্বশীল ছবি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2025, 05:23 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের কোয়ারা রাজ্যের ওকি-ওডি শহরে একদল সশস্ত্র বন্দুকধারীর হামলায় বনের সুরক্ষায় নিয়োজিত স্থানীয় একটি ইউনিটের অন্তত ১২ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

নাইজেরিয়ার উত্তরপশ্চিম ও মধ্যাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি যে ক্রমশ খারাপ হচ্ছে, এই হামলাই তার প্রমাণ। স্থানীয়ভাবে ডাকাত নামে পরিচিত একাধিক সশস্ত্র গ্যাং ওই অঞ্চলগুলোতে নির্বিচারে হত্যাকাণ্ড, অপহরণ ও ডাকাতি চালিয়ে যাচ্ছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

কোয়ারা পুলিশের মুখপাত্র আদেতুন এজিরে-আদেইয়েমি বলেন, বন্দুকধারীরা রোববার গ্রিনিচ মান সময় ৬টার দিকে স্থানীয় একটি সরকারি ভবনে হানা দিয়ে নির্বিচারে গুলি চালানো শুরু করে।

হামলায় চারজন আহত হয়েছে, হাসপাতালে তাদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে পুলিশ।

কোয়ারা রাজ্যের গভর্নর আবদুলরহমান আবদুলরাজ্জাক এ হামলার নিন্দা জানিয়ে ওই এলাকায় সেনাসদস্যদের উপস্থিতি বাড়ানোর তাগাদা দেন।

পরে নাইজেরিয়ার সেনা সদরপ্তর কোয়ারায় অভিযান দেখভালে সেনা মোতায়েন করেছে বলে বিবৃতিতে জানিয়েছে গভর্নরের কার্যালয়। 

হামলায় জড়িতদের খোঁজে নিরাপত্তা বাহিনী ও বনরক্ষীরা যৌথ অভিযানে নেমেছে। 

“দায়ীদের বিচারের আওতায় আনা হবে,” বলেছেন এজিরে-আদেইয়েমি।