১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গ্রিসের ক্রিট দ্বীপে গুলিতে নিহত ২, আহত বেশ কয়েকজন

ক্রিটের ভোরিজিয়া গ্রামের এ ঘটনাটি ‘পারিবারিক প্রতিহিংসার’ কারণে ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রিসের ক্রিট দ্বীপে গুলিতে নিহত ২, আহত বেশ কয়েকজন
ভোরিজিয়া গ্রামে বন্দুক সহিংসতার পর পুলিশের পাহারা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2025, 12:24 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

গ্রিসের ক্রিট দ্বীপের একটি গ্রামে গুলিবর্ষণের এক ঘটনায় এক নারী ও এক পুরুষ নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। 

শনিবার স্থানীয় সময় সকালের এ ঘটনাটি ‘পারিবারিক প্রতিহিংসার’ কারণে ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।  

কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, ভোরিজিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। সন্দেহভাজন গুলিবর্ষণকারী এখানেই হতাহতদের ওপর গুলি চালায়। 

বার্তা সংস্থা এথেন্সের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এই গুলির ঘটনায় তাদের মধ্যে দুইজনের ভূমিকা নিয়ে তদন্ত চলমান আছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, বন্দুক সহিংসতার এ ঘটনায় ৩৯ বছর বয়সী এক পুরুষ ও ৫৬ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। 

নাম না প্রকাশ করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার রাতে এক নির্মাণ স্থলে একটি বিস্ফোরণের জের ধরে হামলার এ ঘটনা ঘটেছে। ওই নির্মাণস্থলে বোমা পেতে রাখা হয়েছিল।   

ক্রিটে প্রতিশোধ, সম্মানে আঘাত ও অপমান জনিত ঘটনা নিয়ে পারিবারিক বিরোধ ও প্রতিহিংসার ইতিহাস আছে।

গ্রিসের পুলিশ বাহিনীর প্রধান এবং সংঘবদ্ধ অপরাধ দমন ইউনিটের প্রধানসহ শীর্ষ পুলিশ কর্মকর্তারা শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।