Published : 12 Jan 2026, 10:42 PM
বাংলাদেশ থেকে উড়ে যাওয়া একটি বড় আকারের গ্যাস বেলুন ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলায় মাটিতে পড়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
রোববার সকালে জেলার বড়খোলা এলাকায় মাসিমপুর গ্রামে কৃষি জমিতে বিশাল আকারের বেলুনটি দেখার পর স্থানীয়দের কাছে তা সন্দেহজনক ঠেকে। সঙ্গে সঙ্গেই গ্রাম রক্ষী বাহিনীর পাশাপাশি পুলিশকেও বিষয়টি জানান তারা।
কাছাড় জেলা পুলিশ জানিয়েছে, বেলুনটির গায়ে বাংলাদেশের সিলেটের গিলাছড়া দ্বিমুখী উচ্চ-বিদ্যালয়ের নাম লেখা ছিল। এছাড়াও ছিল তিনজনের ছবি এবং বাংলায় কিছু লেখা।
ভারতীয় পত্রিকা এনডিটিভি জানায়, বেলুনের খবর পেয়ে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে বেলুনটি দেখতে সেখানে বিপুল সংখ্যক মানুষের ভিড় জমে যায়।
বেলুনটি কী ভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করল এবং এতে কোনও নিরাপত্তাজনিত ঝুঁকি রয়েছে কি না তা তদন্ত করে দেখতে শুরু করেছে পুলিশ। ‘আসাম ট্রিবিউন’ পত্রিকায় পুলিশ সুপার পার্থ স্থানীয়দের আশ্বাস দিয়ে বলেছেন, বেলুনটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
বেলুনটি খতিয়ে দেখার পর নিরাপত্তজনিত ঝুঁকির বিষয়টি নাকচ করে পার্থ বলেন, “এতে কোনও মানুষ নেই, কোনও ড্রোনও বহন করা হয়নি কিংবা কোনও ক্যামেরা বা অন্য সন্দেহজনক কোনও যন্ত্রপাতি নেই। ফলে মানুষের জন্য বেলুনটি নিয়ে ভয়ের কিছু নেই।”
তবে তারপরও নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসাবে বেলুনের উড়ে আসার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পার্থ।
ওদিকে, অতিরিক্ত পুলিশ সুপারইনটেনডেন্ট সুব্রত সেন বলছেন, বেলুনের গায়ে যে লেখা দেখা গেছে, তাতে বাংলাদেশের সিলেটের ওই স্কুলের কোনও অনুষ্ঠান উদযাপনের সময় এই বেলুন ছাড়া হয়েছিল বলেই ইঙ্গিত মিলছে।
প্রাথমিক যাচাই-বাছাইয়ে গিলাছড়া দ্বিমুখী উচ্চ-বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি উপলক্ষে বেলুনটি ছাড়া হয়েছিল- এমনটিই মনে করা হচ্ছে বলে জানান সেন।
কর্মকর্তাদের ধারণা, বেলুনটি সম্ভবত দমকা বাতাসে ভেসে সীমান্ত পেরিয়ে আসামে কাছাড়ের মাটিতে গিয়ে পড়েছে।