২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুর্স্কে ইউক্রেইনীয় সেনারা আত্মসমর্পণ করলে তাদের নিষ্কৃতি দেবেন পুতিন

কুর্স্কে ‘ভয়াবহ গণহত্যা’ এড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প আহ্বান জানানোর পর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এ কথা বলেছেন।

কুর্স্কে ইউক্রেইনীয় সেনারা আত্মসমর্পণ করলে তাদের নিষ্কৃতি দেবেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2025, 08:39 PM

Updated : 26 Aug 2026, 12:02 PM

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া তাদের কুস্র্ক অঞ্চলে থাকা ইউক্রেইনীয় সেনাদের নিষ্কৃতি দেবে যদি কিইভ তাদের আত্মসমর্পণ করতে বলে। 

কুর্স্কে ‘ভয়াবহ গণহত্যা’ এড়ানোর জন্য পুতিনের প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আহ্বান জানানোর পর রাশিয়ার প্রেসিডেন্ট এ কথা বলেছেন।   

তাদের সেনারা কুর্স্কে ঘেরাও হয়ে গেছে, এমন খবর অস্বীকার করে এটিকে রাশিয়ার ‘মিথ্যা উদ্ভাবন’ বলে অভিহিত করেছে ইউক্রেইন; কিন্তু দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পরিস্থিতিকে ‘অত্যন্ত কঠিন’ বলে অভিহিত করেছেন।   

ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, তিনি কয়েক হাজার ইউক্রেইনীয়র জীবন বাঁচাতে রাশিয়ার প্রেসিডেন্টের প্রতি অনুরোধ জানিয়েছেন। কুর্স্কে ওই ইউক্রেইনীয় সেনারা ‘পুরোপুরি ঘেরাও’ হয়ে অরক্ষিত অবস্থায় আছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 

“আমি প্রেসিডেন্ট পুতিনকে জোরালোভাবে অনুরোধ করেছি তাদের জীবন যেন রক্ষা করা হয়। এটি ভয়াবহ গণহত্যা হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যা কেউ দেখেনি,” বলেছেন তিনি।   

শুক্রবার নিজের নিরাপত্তা পরিষদের উদ্দেশে দেওয়া ভাষণে পুতিন জানান, ট্রাম্পের আবেদন পড়েছেন তিনি। কিন্তু ইউক্রেইনীয় সেনারা বেসামরিকদের বিরুদ্ধে অপরাধ করেছে অভিযোগ করে সেটি ‘সন্ত্রাসবাদের’ সমতুল্য বলে মন্তব্য করেছেন তিনি। তার এই অভিযোগ কিইভ প্রত্যাখ্যান করেছে। 

পুতিন জানিয়েছেন, ট্রাম্প মানবিকতার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছেন এটি বুঝতে পেরেছেন তিনি।    

পুতিন বলেন, “এই বিবেচনায় আমি জোর দিয়ে বলতে চাই যদি (ইউক্রেইনীয় সেনারা) তাদের অস্ত্র নামিয়ে রাখে আর আত্মসমর্পণ করে, তাদের জীবনের নিশ্চয়তা দেওয়া হবে এবং আন্তর্জাতিক ও রুশ ফেডারেশনের আইন অনুযায়ী যথাযোগ্য আচরণ করা হবে।

কুর্স্কের একটি এলাকা পুনরুদ্ধার করার পর এক বাড়ির ছাদে রাশিয়ার পতাকা তুলেছে দেশটির সেনারা। ছবি: রয়টার্স 

কুর্স্কের একটি এলাকা পুনরুদ্ধার করার পর এক বাড়ির ছাদে রাশিয়ার পতাকা তুলেছে দেশটির সেনারা

“মার্কিন প্রেসিডেন্টের আবেদন কার্যকরভাবে বাস্তবায়নের জন্য ইউক্রেইনের সামরিক-রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে তাদের সামরিক ইউনিটগুলোর জন্য অস্ত্র নামিয়ে রাখার ও আত্মসমর্পণের জন্য অনুরূপ একটি আদেশ দেওয়া দরকার।” 

রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান, সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেছেন, “তারা যদি তাদের অস্ত্র নামিয়ে রাখতে অস্বীকৃতি জানায়, তাদের নিয়মতান্ত্রিক ও ক্ষমাহীনভাবে ধ্বংস করে দেওয়া হবে।” 

ইউক্রেইন যুদ্ধ শুরু হওয়ার আড়াই বছর পর গত অগাস্টে কুর্স্ক লড়াইয়ের প্রধান একটি ক্ষেত্রে পরিণত হয়। হঠাৎ আক্রমণ চালিয়ে রাশিয়ার নিজের ভূখণ্ডের ওই অংশটি দখল করে নেয় কয়েক হাজার ইউক্রেইনীয় সেনা। 

সাত মাস পর আবার অঞ্চলটি সবার মনোযোগের কেন্দ্রে পরিণত হয়। এবার রাশিয়ার সেনারা পাল্টা আক্রমণ চালিয়ে অধিকাংশ এলাকা পুনরুদ্ধার করার পর বাকি এলাকাগুলো থেকে ইউক্রেইনীয়দের হটিয়ে দেওয়ার উদ্যোগ নেয় আর যুক্তরাষ্ট্র ইউক্রেইন যুদ্ধ নিয়ে একটি যুদ্ধবিরতিতে সম্মত হতে রাশিয়ার প্রতি আহ্বান জানায়। বৃহস্পতিবার পুতিন বলেছেন, কুর্স্কে ইউক্রেইনীয়রা ফাঁদে আটকা পড়ে গেছে আর তারা ‘আত্মসমর্পণ অথবা মৃত্যু’র মধ্যে একটি বেছে নেওয়ার মুখোমুখি হয়েছে।   

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার সেনারা গনচারোভকা এলাকটি পুনরুদ্ধার করেছে। 

রয়টার্স বলছে, কুর্স্কের হাতে গোনা যে কয়েকটি এলাকা ইউক্রেইনীয় সেনাদের দখলে আছে সেগুলোর মধ্যে গনচারভোকা ছিল একটি।

ইউক্রেইনের সীমান্ত রক্ষী বাহিনী জানিয়েছে, রাশিয়ার পুনরুদ্ধার বাহিনীর ১০ জনের একটি দল ইউক্রেইনের সামি অঞ্চলের সীমান্ত প্রতিরোধ ভেঙে প্রবেশ করার চেষ্টা করেছিল, কিন্তু তাদের প্রতিহত করা হয়েছে।