২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের পরই নারীদের হাতে ‘ট্রানজিশন টিমের’ দায়িত্ব দিলেন মামদানি

নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র কুইন্সে এক সংবাদ সম্মেলনে ৫ সদস্যের নারী সর্বস্ব ট্রানজিশন টিম ঘোষণা করেছেন। ১ জানুয়ারি থেকে মামদানি দায়িত্ব গ্রহণ করবেন।

জয়ের পরই নারীদের হাতে ‘ট্রানজিশন টিমের’ দায়িত্ব দিলেন মামদানি
কুইন্সে ট্রানজিশন টিমের নারীদের নিয়ে মামদানির সংবাদ সম্মেলন। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2025, 07:00 PM

Updated : 26 Aug 2026, 02:37 PM

যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি তার প্রশাসন গঠনের প্রস্তুতি শুরু করেছেন। নতুন প্রশাসনের কাঠামো তৈরিতে ৫ সদস্যের যে ‘ট্রানজিশন টিম’ গঠন করা হয়েছে তার সবাই নারী। 

আগামী ১ জানুয়ারি থেকে দায়িত্ব গ্রহণ করবেন জোহরান মামদানি। ৩৪ বছর বয়সী এই নবনির্বাচিত মেয়র বুধবার কুইন্সে এক সংবাদ সম্মেলনে নারী সর্বস্ব ট্রানজিশন টিম ঘোষণা করেন বলে জানিয়েছে ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকা।

সংবাদ সম্মেলনে জোহরান মামদানিকে ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, মারিয়া টরেস-স্প্রিংগার, এলানা লিওপোল্ড, গ্রেস বোনিলা, মেলানি হার্টজগ এবং লিনা খানকে। এই নারীরাই মামদানির ট্রানজিশন টিমের সদস্য। একে একে তাদের সঙ্গে শহরবাসীর পরিচয় করিয়ে দেন তিনি।

সংবাদ সম্মেলনে মামদানি বলেন, “আগামী মাসগুলোতে আমি ও আমার দল এমন একটি সিটি হল গড়ে তুলব, যা আমাদের নির্বাচনী প্রচারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সক্ষম হবে।”

তিনি আরও বলেন, “আমরা এমন এক প্রশাসন গড়ে তুলব যা সমানভাবে সক্ষম ও সহানুভূতিশীল হবে, সৎভাবে পরিচালিত হবে এবং ততটাই কঠোর পরিশ্রমের সঙ্গে কাজ করতে ইচ্ছুক থাকবে যতটা এ শহরকে নিজ বাড়ি মনে করা লাখো নিউ ইয়র্কবাসী করে থাকে।”

নিউ ইয়র্ক শহরের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছেন মামদানি। তার ঝুলিতে পড়েছে ৫০ শতাংশের বেশি ভোট। মামদানির বিপরীতে দাঁড়িয়েছিলেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া। 

দুইজনের কেউই ৫০ শতাংশের গণ্ডি টপকাতে পারেননি। অ্যান্ড্রু কুমো পেয়েছেন ৪১ শতাংশ ভোট। স্লিওয়া আরও কম, মাত্র ১০ শতাংশ। মামদানিই এখন নিউ ইয়র্কের কনিষ্ঠতম মেয়র।

মামদানি তরুণ। তার সিদ্ধান্তেও সেই তারুণ্যের ছোয়াই দেখছে নিউ ইয়র্কবাসী। জয়ের পরে সে কারণেই হয়ত নারী শক্তির জয়গান গাইলেন তিনি। ট্রানজিশন টিম গড়লেন নারীদের নিয়ে।

সাবেক মেয়র এরিক অ্যাডামসের শীর্ষ উপদেষ্টা ছিলেন মারিয়া টরেস-স্প্রিংগার। ট্রাম্প প্রশাসনের সঙ্গে মেয়রের ঘনিষ্ঠতা বাড়ার অভিযোগ তুলে তিনি পদত্যাগ করেছিলেন। সেই মারিয়ার নামই প্রথম ঘোষণা করেন মামদানি। তাকে তিনি দিয়েছেন হাউজিং ও ইকোনমিক ডেভেলপমেন্টের দায়িত্ব।

মেয়র নির্বাচনের সময়ে মামদানির প্রচারের দায়িত্ব সামলেছিলেন এলানা লিওপোল্ড। তিনিও আছেন ট্রানজিশন টিমে। তাকে নির্বাহী পরিচালক পদে নিযুক্ত করা হয়েছে। গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে গ্রেস বোনিলা ও মেলানি হার্টজগকেও।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে ফেডারেল ট্রেড কমিশন এর চেয়ারপার্সন ছিলেন লিনা খান। তাকেও ট্রানজিশন টিমে রেখেছেন মামদানি।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়ে মামদানি বলেন, “সব শ্রেণির মানুষের সঙ্গে আমরা কথা বলব। তাদের সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যারা নিজেদের এলাকার প্রয়োজনগুলো ভালো জানেন, তাদের সঙ্গেও বৈঠক করবে আমাদের টিম। সবাই মিলে একসঙ্গে সিদ্ধান্ত নেব।”

তিনি বলেন, “আমরা ১ জানুয়ারি থেকে দায়িত্ব পালন শুরুর জন্য প্রস্তুত থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের হাতে ৫৭ দিন আছে।”

নির্বাচনী প্রচারের সময়ে নিজেকে ‘ট্রাম্পের সবচেয়ে বড় দুঃস্বপ্ন’ বলে অভিহিত করেছিলেন মামদানি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পও পাল্টা কেন্দ্রীয় অনুদান বন্ধের হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন। দু’জনের সম্পর্কটা শুরু থেকেই ছিল অম্লমধুর। 

এ পরিস্থিতিতে জোহরান মামদানি নিজেও স্বীকার করেছেন যে তাকে কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তবে তার দৃঢ় বিশ্বাস, এর মধ্যেও তিনি নিজের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সক্ষম হবেন।

মামদানি বলেন, তার লক্ষ্য নিউ ইয়র্কের উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়া। এজন্য একসঙ্গে কাজ করতে হবে। নতুন বছরের প্রথম দিনে আনুষ্ঠানিক ভাবে নিউ ইয়র্কের মেয়র হিসাবে দায়িত্ব নেবেন ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। 

প্রগতিশীল এবং বামঘেঁষা প্রার্থীরাও যে মার্কিন নাগরিকদের মন জয় করতে পারেন তা দেখিয়ে দিয়েছেন তিনি। এ বার ট্রানজিশন টিমের দায়িত্ব নারীদের হাতে তুলে দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, পরিস্থিতি বদলাচ্ছে।  রাজনীতি এখন থেকে অন্য খাতে বইবে।