২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ট্রাম্পের চুরি যাওয়া প্রচারণা উপাদান ‘বাইডেন শিবিরে পাঠিয়েছে ইরান’

এটি যুক্তরাষ্ট্রের নির্বাচনে তেহরানের প্রভাব বিস্তারের বৃহত্তর চেষ্টার অংশ বলে অভিযোগ করেছে কয়েকটি মার্কিন সংস্থা।

ট্রাম্পের চুরি যাওয়া প্রচারণা উপাদান ‘বাইডেন শিবিরে পাঠিয়েছে ইরান’
শ্রমিক দিবসের প্রচারণায় লোকজনকে শুভেচ্ছা জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2024, 01:36 PM

Updated : 26 Aug 2026, 10:30 AM

ইরানি হ্যাকাররা যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির থেকে চুরি যাওয়া উপাদান ইমেইল করে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রচারণা শিবিরে পাঠিয়েছিল বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের কয়েকটি সংস্থা। 

বুধবার তারা বলেছে, এটি যুক্তরাষ্ট্রের নির্বাচনে তেহরানের প্রভাব বিস্তারের বৃহত্তর চেষ্টার অংশ।  

এফবিআই, সাইবারসিকিউরিটি এন্ড ইনফ্রাস্টাকচার সিকিউরিটি এজেন্সি এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তর এক যৌথ বিবৃতিতে বলেছে, “এছাড়াও ইরানের বিপথগামী সাইবার কর্মীরা জুন থেকেই সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচারণা শিবিরের চুরি করা, গোপন উপাদান মার্কিন গণমাধ্যম সংস্থাগুলির কাছে পাঠাচ্ছে।

“এসব হীন সাইবার তৎপরতা বিভেদ সৃষ্টি করার ও আমাদের নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থা নষ্ট করার ইরানের বহুমুখি প্রচেষ্টার সর্বশেষ উদাহরণ।”   

সংস্থাগুলো জানিয়েছে, যাদের কাছে ওইসব মেইল পাঠানো হয়েছে তাদের কেউ কোনো উত্তর দিয়েছেন বলে কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। 

রয়টার্স জানিয়েছে, চুরি যাওয়া উপাদানে কী ছিল, সে বিষয়ে তারা বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি। 

অগাস্টে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছিল, দেশটি যুক্তরাষ্ট্রের উভয় প্রেসিডেন্ট প্রার্থীর প্রচারণার বিরুদ্ধে সাইবার অভিযান শুরু করেছে এবং রাজনৈতিক মতবিরোধে বাতাস দেওয়ার মাধ্যমে মার্কিন জনগণকে প্রভাবিত করার চেষ্টা করছে। 

যুক্তরাষ্ট্রের বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে ইরান। 

বুধবার জাতিসংঘের নিউ ইয়র্ক সদর দপ্তরে নিয়োজিত ইরানের কূটনৈতিক মিশন বলেছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এসব অভিযোগ ‘পুরোপুরি ভিত্তিহীন এবং সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য’। 

মিশন বলেছে, “যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করার কোনো উদ্দেশ্য বা অভিপ্রায় ইরানের নেই।” 

জুনের শেষ দিকে ও জুলাইয়ের প্রথম দিকে অজ্ঞাত হ্যাকাররা বাইডেনের প্রচারণা শিবিরের সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছে অযাচিত ইমেইল পাঠায়। ওই ইমেইলে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর প্রচারণা শিবিরের চুরি যাওয়া উপদান থেকে নেওয়া একটি লিখিত উদ্ধৃতি ছিল বলে জানিয়েছে ওই মার্কিন সংস্থাগুলো।  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীতা থেকে বাইডেন ২১ জুলাই সরে দাঁড়ান। তার বদলে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। নির্বাচনপূর্ব জরিপগুলো দেখাচ্ছে, ট্রাম্প ও হ্যারিসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে।  

এক বিবৃতিতে ট্রাম্পের প্রচারণা শিবির বলেছে, ট্রাম্পের ‘ক্ষতি’ করতে চুরি যাওয়া উপাদান ব্যবহার করা হয়েছে কি না, হ্যারিস ও বাইডেনের তা প্রকাশ করা উচিত। 

হ্যারিসের প্রচারণা শিবিরের মুখপাত্র বলেছেন, তারা এসব ইমেইলের বিষয়ে কিছু জানে না।  

ইরান বলেছে, বরং ওয়াশিংটনই দশকের পর দশক ধরে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে আসছে। এ প্রসঙ্গে ১৯৫৩ সালে ইরানের তৎকালীন প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করা ও ২০২০ সালে সামরিক কামান্ডার কাসেম সোলেইমানিকে হত্যার কথা উল্লেখ করেছে তারা।