Published : 27 Dec 2025, 09:49 AM
যুক্তরাষ্ট্রে অবকাশ মৌসুমে উত্তর-পূর্বাঞ্চলে তীব্র শীতকালীন ঝড়ের আশঙ্কায় হাজার হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে ১,৬০০টি ফ্লাইট বাতিল এবং ৭,৪০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।
বিবিসি লিখেছে, বৈরী আবহাওয়া সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে যেসব বিমানবন্দরে, তার মধ্যে রয়েছে নিউ ইয়র্ক এলাকার জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর, নিউয়ার্ক লিবার্টি এবং লাগার্ডিয়া। এছাড়াও বোস্টন, শিকাগো এবং কানাডার টরন্টো শহরেও এর প্রভাব পড়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস স্থানীয় সময় শুক্রবার বিকাল ৪টা থেকে শনিবার দুপুর ১টা পর্যন্ত শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করেছে। নিউ ইয়র্ক এবং দক্ষিণ কানেকটিকাটে সর্বোচ্চ ৯ ইঞ্চি (২৩ সেন্টিমিটার) পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
জেটব্লু এয়ারওয়েজ ২২৯টি ফ্লাইট বাতিল করেছে, আর ডেল্টা এয়ার লাইন্স বাতিল করেছে ২৪১টি ফ্লাইট। রিপাবলিক এয়ারওয়েজ ও সাউথওয়েস্ট এয়ারলাইন্স যথাক্রমে ১৮০টি ও ১৫১টি ফ্লাইট বাতিল করেছে। আমেরিকান এয়ারলাইন্স ও ইউনাইটেড এয়ারলাইন্সের প্রায় ১০০টি পূর্বনির্ধারিত ফ্লাইটও বাতিল হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ সোশাল মিডিয়া পোস্টে যাত্রীদের তাদের ফ্লাইটের অবস্থা জানতে সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করতে বলেছে।
সবচেয়ে বেশি তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত। চালকদের বিপজ্জনক পরিস্থিতির বিষয়ে সতর্ক করা হয়েছে এবং জরুরি সরঞ্জামের কিট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেছেন, মানুষ যেন অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলে।
“তবে যদি ভ্রমণ করতেই হয়, তাহলে আগে থেকে পরিকল্পনা করুন, ধীরে চলুন এবং নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পর্যাপ্ত সময় হাতে রাখুন।”
নিউ জার্সি ও কানেকটিকাটের গভর্নররাও একই ধরনের সতর্কবার্তা দিয়েছেন।
বিবিসি লিখেছে, এটি নিউ ইয়র্ক সিটির জন্য চলতি মৌসুমের দ্বিতীয় বড় তুষারপাত হবে। এর আগে ১৪ ডিসেম্বর কয়েক ইঞ্চি তুষারে শহরটি ঢেকে গিয়েছিল।
যারা গাড়ি চালিয়ে কাজে গিয়েছেন, তাদের আগেভাগে বের হতে বা বাড়ি ফেরার সময় গণপরিবহন ব্যবহারের কথা বিবেচনা করতে বলেছেন মেয়র এরিক অ্যাডামস।
দুই ইঞ্চি তুষার জমা হওয়ার সঙ্গে সঙ্গেই রাস্তা পরিষ্কার করতে স্নো-প্লাউ প্রস্তুত রাখা হয়েছে।