মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতে আগ্রহী নয় যুক্তরাষ্ট্র : জেডি ভ্যান্স
মধ্যপ্রাচ্যে আঞ্চলিক শান্তি নিশ্চিত করতে শনিবার রাতে ইরানে সীমিত পরিসরে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতে জড়ানোর কোনও আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
মধ্যপ্রাচ্যে আঞ্চলিক শান্তি নিশ্চিত করতেই শনিবার রাতে ইরানে সীমিত পরিসরে হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্রের হামলা ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে “কয়েক বছর বা তারও বেশি সময়ের জন্য” পিছিয়ে দিয়েছে।
এখন ইরান সরকারকে বুদ্ধিমানের মতো পথ বেছে নিয়ে পারমাণবিক কর্মসূচি নির্মূল করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার আহ্বান জানান ভান্স। তিনি বলেন, "আমরা চাই না ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকুক।”
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সম্পর্কে জানতে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে, যাতে সেগুলো নিয়ে যুক্তরাষ্ট্র কিছু একটা করার বিষয়টি নিশ্চিত করতে পারে, বলেন ভ্যান্স।
মার্কিন সেনাদের ওপর কোনও ধরনের পাল্টা হামলার বিষয়েও ইরানকে সতর্ক করেছেন ভ্যান্স। তিনি বলেন, ইরানের পাল্টা হামলা অপ্রতিরোধ্য শক্তি দিয়ে মোকাবেলা করবে যুক্তরাষ্ট্র।
