দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদনে ইউক্রেইনকে সহায়তার প্রতিশ্রুতি জার্মানির
ইউক্রেইনকে জোর সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে চলতি মাসের শুরুতে দায়িত্ব নেন জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস।
জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বলেছেন, রাশিয়ার হামলা ঠেকাতে ইউক্রেইনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদনে সহায়তা করবে বার্লিন।
জার্মানি ইউক্রেইনকে টরাস ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে কিনা- বার্লিনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ম্যার্ৎস বলেন, “আমরা উৎপাদন নিয়ে কথা বলতে চাই। এ বিষয়ে আমরা বিস্তারিত কিছু জনসম্মুখে প্রকাশ করব না।”
বিবিসি লিখেছে, ইউক্রেইনকে জোর সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে চলতি মাসের শুরুতে দায়িত্ব নেন ম্যার্ৎস। এ সপ্তাহে তিনি জানান, পশ্চিমা মিত্ররা ইউক্রেইনকে যে অস্ত্র দিচ্ছে, তার পাল্লা নিয়ে আর কোনও বিধিনিষেধ নেই।
‘টরাস’ নামের জার্মান ক্ষেপণাস্ত্রের পাল্লা ৫০০ কিলোমিটার, যা অন্যান্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের চেয়ে রাশিয়ার অভ্যন্তরে অনেক গভীরে আঘাত হানতে সক্ষম।
যদিও ইউক্রেইনের প্রেসিডেন্টের সঙ্গে সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর ম্যার্ৎস ‘টরাস’-এর নাম উল্লেখ করেননি, তিনি বলেন, বুধবার ইউক্রেইন ও জার্মানির প্রতিরক্ষামন্ত্রীরা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে একটি সমঝোতা স্মারক সই করবেন।
ক্রেমলিন অবশ্য সতর্ক করে বলেছে, ইউক্রেইনের জন্য ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর বিধিনিষেধ তুলে নেওয়া হবে ‘অত্যন্ত বিপজ্জনক’ সিদ্ধান্ত এবং এটি সমস্যার রাজনৈতিক সমাধানের চেষ্টা নস্যাৎ করতে পারে।
তবে ম্যার্ৎস বলছেন, জার্মানির পশ্চিমা মিত্র দেশগুলো এমন সিদ্ধান্ত বহু আগেই নিয়েছে। ইউক্রেইন প্রশ্নে সাবেক জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের চেয়ে অনেক বেশি দৃঢ় অবস্থানেই দেখা যাচ্ছে নতুন চ্যান্সেলর ম্যার্ৎসকে।
তার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্পের বিস্তারিত এখনও অস্পষ্ট হলেও ক্রেমলিনকে চটাতে পারে এমন ঘোষণা দিতে ম্যার্ৎস যে দ্বিধা করছেন না, তা তার বক্তব্যেই স্পষ্ট—যা আগের সরকারের সতর্ক কৌশলের সঙ্গে তুলনা করলে স্পষ্টতই ভিন্নতা দেখা যায়।
সংবাদ সম্মেলনে জেলেনস্কির পাশে দাঁড়িয়ে ম্যার্ৎস বলেন, ইউক্রেইনের যতদিন প্রয়োজন ততদিন জার্মানি তাদের পাশে থাকবে। তিনি হুঁশিয়ার করে বলেন, শান্তি আলোচনায় অংশ না নেওয়ার জন্য মস্কোকে “বাস্তব পরিণতি” ভোগ করতে হবে।
জেলেনস্কি শান্তিপূর্ণ সমাধানের উদ্দেশ্যে তিনজনের মধ্যে আলোচনার প্রস্তাব দিয়েছেন—“ট্রাম্প-পুতিন-আমি”—যদিও তিনি জানান, আলোচনার ধরন যাই হোক তিনি প্রস্তুত।
ক্রেমলিনের মুখপাত্র দমিত্রি পেসকভ সরাসরি এই প্রস্তাব খারিজ না করলেও বলেন, এই বৈঠক কেবল তখনই সম্ভব, যখন “দুই পক্ষের প্রতিনিধিদের মধ্যে” কিছু নির্দিষ্ট চুক্তি সম্পন্ন হবে।
চলতি মাসে তুরস্কের ইস্তানবুলে ইউক্রেইন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে তিন বছরের মধ্যে প্রথম সরাসরি আলোচনা হয়। যদিও সেটি হয়েছে নিম্নপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে এবং তারা শুধু একটি বন্দি বিনিময়ের বিষয়ে একমত হয়েছেন, যা গত সপ্তাহান্তে কার্যকর হয়।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বুধবার বলেন, নতুন আলোচনার তারিখ “খুব শিগগিরই” ঘোষণা করা হবে। তবে তিনি স্পষ্ট করে বলেন, মস্কো চাইছে ইউক্রেইনকে “নিরপেক্ষ, অ-জোটভুক্ত ও পরমাণু নিরস্ত্র রাষ্ট্র” হিসেবে নিশ্চিত করা হোক।
ওদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এ সপ্তাহে রাশিয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, মস্কো শান্তি আলোচনায় অগ্রসর হতে ব্যর্থ হচ্ছে। ইউক্রেইনের ওপর হামলায় ১৩ জন নিহত হওয়ার পর ট্রাম্প বলেন, পুতিন “আগুন নিয়ে খেলছেন।”
