রাশিয়ায় ইউক্রেইনের ড্রোন হামলায় নিহত ৬
যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়া ও ইউক্রেইন বেসামরিকদের নিশানা করার কথা অস্বীকার করে আসছে।
রাশিয়ায় রাতে ইউক্রেইনের চালানো ড্রোন হামলায় ছয়জন নিহত ও আরও নয়জন আহত হয়েছে। এসব হামলায় রাজাধানী মস্কো ও দ্বিতীয় বৃহত্তম নগর সেন্ট পিটার্সবুর্গের নিকটবর্তী শহরগুলোতে পণ্য গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিওফ মঙ্গলবার টেলিগ্রাম অ্যাপে জানান, তার অঞ্চলে ইউক্রেইনের ড্রোন হামলায় পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছে। ড্রোন হামলায় একটি পণ্য গুদামে আগুন ধরে যায় আর পরে তা নিভিয়ে ফেলা হয়।
সেন্ট পিটার্সবার্গের আশপাশের অঞ্চল লেনিনগ্রাদের গভর্নর আলেকসান্দর দ্রোজদনকো টেলিগ্রামে জানিয়েছেন, কয়েকটি ড্রোন একটি পণ্য গুদামে আঘাত হেনেছে আর এতে একজন আহত হয়েছে।
ইউক্রেইনের সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে আরেকটি ড্রোন হামলায় এক নারী নিহত ও আরও দুজন আহত হয়েছে, জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
এদিকে ইউক্রেইনের উত্তরাঞ্চলীয় সুমি শহরে রাশিয়ার ‘স্মার্ট’ বোমা হামলায় দুটি শিশু ও এক বৃদ্ধা নিহত হয়েছে বলে আঞ্চলিক গভর্নর ওলেহ্ গ্রিগোরিয়েভ টেলিগ্রামে জানিয়েছেন।
রয়টার্স জানিয়েছে, তারা এসব পাল্টাপাল্টি হামলার ঘটনাগুলো স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়া ও ইউক্রেইন, উভয়েই বেসামরিকদের লক্ষ্যস্থল করার কথা অস্বীকার করে আসছে।
আরও পড়ুন:
