জেজু এয়ার দুর্ঘটনায় নিহতদের পরিবারের মামলা, আসামির তালিকায় মন্ত্রীও
দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ দুর্ঘটনায় ২০২৪ সালের ২৯ ডিসেম্বরে ১৭৯ জনের মৃত্যু হয়।
দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে জেজু এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ৭২ জনের পরিবার পরিবহনমন্ত্রী পার্ক সাং উ-সহ ১৫ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে।
রয়টার্স লিখেছে, অভিযোগে নিরাপত্তা ব্যবস্থাপনায় অবহেলা ও উড়োজাহাজ নিরাপত্তা আইনের লঙ্ঘনের কথা বলা হয়েছে।
গত বছরের ২৯ ডিসেম্বরের ওই দুর্ঘটনায় ১৭৯ জনের মৃত্যু হয়, যা ছিল কোরিয়ার মাটিতে সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনা।
নিহতদের পরিবারের আইনজীবীরা মঙ্গলবার জানিয়েছেন, মামলায় অভিযুক্তদের মধ্যে আছেন, দক্ষিণ কোয়িার পরিবহনমন্ত্রীসহ অন্যান্য সরকারি কর্মকর্তা এবং জেজু এয়ার ও কোরিয়া বিমানবন্দর পরিষেবার কর্মকর্তারা।
আইনজীবীরা এক বিবৃতিতে জানান, দুর্ঘটনার আগের পাখির আঘাতের পর অবতরণ করার সিদ্ধান্ত, বিমানের ইঞ্জিন রক্ষণাবেক্ষণ এবং রানওয়ের পাশে ন্যাভিগেশন যন্ত্রপাতি বসানো দেয়াল নির্মাণ- এই বিষয়গুলো আরও গভীর তদন্তের দাবি রাখে।
দুর্ঘটনার দিন, জেজু এয়ারের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ জরুরি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি সীমানা দেয়ালে আঘাত হানে। বিমানে থাকা ১৮১ জন যাত্রী ও ক্রুর মধ্যে কেবল দুজন বেঁচে যান।
